মাপে কম দেওয়ায় দুই পেট্রলপাম্পকে জরিমানা
রাজশাহীতে মাপে তেল কম দেওয়ার অভিযোগে গতকাল ভ্রাম্যমাণ আদালতে দুই পেট্রলপাম্পকে জরিমানা করা হয়েছে। রাজশাহীর নির্বাহী হাকিম আলমগীর কবিরের নেতৃত্বে পরিচালিত আদালতে দুই ফিলিং স্টেশনের প্রতিটির ১৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পেট্রলপাম্প দুটি হচ্ছে নগরের কাশিয়াডাঙ্গা এলাকার আমিন ফিলিং স্টেশন ও আবদুর রহমান ফিলিং স্টেশন। গতকাল বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা ও রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আমিন ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে ৩২ মিলিলিটার অকটেন ও ২৯ মিলিলিটার ডিজেল কম দেয়। এ অভিযোগে তাদের ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং তেল পরিমাপের দুটি যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফিলিং স্টেশনের মালিক মুনসুর রহমান সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করে দেন।
আবদুর রহমান ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে ৩০ মিলিলিটার পেট্রল কম দেয়। এ ছাড়া তাদের সতর্কতামূলক ব্যবস্থাও নেই। এই অভিযোগে তাদের একই দণ্ড দেওয়া হয়। পরিমাপক যন্ত্রটি বন্ধ করে দেওয়া হয়। এই ফিলিং স্টেশনের মালিক শামীম রেজা জরিমানার টাকা পরিশোধ করে দেন।
নির্বাহী হাকিম আলমগীর কবির বলেন, বিএসটিআই থেকে পরিমাপক যন্ত্রগুলো সঠিক করা হয়েছে মর্মে সন্তোষজনক সনদ দাখিল করলেই তাঁরা ওই যন্ত্র তেল বিক্রির কাজে ব্যবহার করতে পারবেন।