মাপে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র ব্যক্তিদের জন্য সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির চাল বিতরণে ডিলারদের বিরুদ্ধে মাপে কম দেওয়া অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার উপজেলার তিনটি ইউনিয়নে চারজন ডিলার চাল বিতরণ করেন। প্রত্যেককেই মাপে কম চাল দিয়েছেন বলে সুবিধাভোগী ব্যক্তিরা অভিযোগ করেন।
সুবিধাভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, গতকাল শুক্রবার গৌরনদী উপজেলার নলচিড়া, খাঞ্জাপুর ও বার্থী ইউনিয়নে চারজন ডিলার চাল বিতরণ করেন। নলচিড়া ইউনিয়নের ডিলার ও নলচিড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন চাল বিতরণের সময় মাপে কম দেন। সুবিধাভোগী নলচিড়া গ্রামের জলিল প্যাদা, কুতুবপুর গ্রামের মনির হোসেন ও রাবেয়া বেগম অভিযোগ করেন, জাকির হোসেন গত সেপ্টেম্বরে চাল বিতরণের সময় ৩০ কেজির স্থলে ২৫ কেজি এবং গতকাল ৩০ কেজির স্থলে সাড়ে ২৭ কেজি দেন।
নলচিড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আজিজুল হক বলেন, ‘আমি কয়েকজনের চাল মেপে কম দেওয়ার সত্যতা পেয়েছি। আমি এর প্রতিবাদ করলে ডিলার আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে।’
মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, ‘হয়তো উনিশ-বিশ কম হতে পারে।’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালামের অনুপস্থিতিতে চাল দেওয়া হচ্ছে। মাপে কম দেওয়ায় উপস্থিত কার্ডধারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে খাদ্য পরিদর্শক অশোক কুমার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
বার্থী ইউনিয়নের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক গণেশ চন্দ্র বাড়ৈ গতকাল চাল বিতরণে মাপে কম দেন বলে সুবিধাভোগী ব্যক্তিরা অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে চারজন কার্ডধারী বলেন, ‘আমাদের ২৮ কেজি করে চাল দেওয়া হয়েছে।’ একই অভিযোগ খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক প্রদীপ কুমার দত্ত, ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক ফরিদ হোসেনের বিরুদ্ধে। খাঞ্জাপুরের দুই ডিলারই ২৮ কেজি করে চাল বিতরণ করেছেন বলে সুবিধাভোগী ব্যক্তিরা অভিযোগ করেন। বার্থী ও খাঞ্জাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ডিলাররা মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
খাঞ্জাপুরের ট্যাগ কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন বলেন, ‘আমি প্রশিক্ষণে এলাকার বাইরে থাকায় কিছুই জানি না।’ বার্থীর ট্যাগ কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নলচিড়া ট্যাগ কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম ফোন ধরেননি।
এ প্রসঙ্গে উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম বলেন, নলচিড়ায় ওজনে চাল কম দেওয়ার অভিযোগ পাওয়ার পর সেখানে খাদ্য পরিদর্শককে পাঠানো হয়। সব ডিলারকে সতর্ক করা হয়েছে। অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।