মামলা করবে চিকিৎসকের পরিবার, শিক্ষকের উন্নতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার শিশিরমাঠে হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এদিকে একই হামলায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে মীর সানাউরের দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশ তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিহত হোমিও চিকিৎসকের বড় ভাই মীর আনিসুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজাহার দেওয়া হবে।

আজ বেলা ১১টার দিকে আহত শিক্ষকের স্ত্রী সোনিয়া সুলতানা মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামীর শারীরিক অবস্থার এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। সকাল ১০টার দিকে তাঁর মাথায় অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সেটা সফল হলে বিপদমুক্ত হওয়া যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হোমিও চিকিৎসক সানাউর ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সাইফুজ্জামান সাপ্তাহিক দাতব্য চিকিৎসা দেওয়ার জন্য শিশিরমাঠ এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতের শিকার হন। ঘটনাস্থলেই মারা যান সানাউর। গুরুতর আহত হন সাইফুজ্জামান।