মামলা করল পুলিশ, 'ভুল-বোঝাবুঝি'ও বলছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল পাচারের অভিযোগে চট্টগ্রামের একটি তেল শোধনাগার প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে চোরাচালানের মামলার পর বিষয়টিকে এখন ‘ভুল বোঝাবুঝি’ বলছে পুলিশ। গত ৪ আগস্ট ওই প্রতিষ্ঠানের ভাড়া করা একটি তেলবাহী ট্রাক জব্দ করার পর তেলের নমুনা (খোলাবাজারে বিক্রি-নিষিদ্ধ কি না) তা পরীক্ষার জন্য রাষ্ট্রীয় তেল শোধনাগারে পাঠায় পুলিশ। কিন্তু সেখান থেকে প্রতিবেদন আসার আগেই আসামিদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছে পুলিশ।
আবার তেলবাহী ট্রাক জব্দের ঘটনায় অভিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠান সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ গত ১৭ আগস্ট পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের কাছে অভিযোগ করেন। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (শৃঙ্খলা) আলমগীর আলম গত সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন এখনো জমা দেননি তিনি।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড় এলাকা থেকে গত ৪ আগস্ট পুলিশ সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের ভাড়া করা তেলবাহী ট্রাক জব্দ করা হয়। খোলাবাজারে বিক্রি-নিষিদ্ধ তেল পাচারের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লুৎফুন্নেছা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, পরিচালক সাজির আহমেদ ও আসলাম হায়দার, মহাব্যবস্থাপক সুব্রত দেব, কর্মকর্তা মহিন উদ্দিন চৌধুরী এবং সুপার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপক দিদারুল আলম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক হারুন-উল-ইসলাম, ট্রাকচালক জাকের হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলার পর ট্রাকে থাকা তেলের নমুনা পরীক্ষার জন্য ইস্টার্ন রিফাইনারিতে পাঠানো হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) মীর আলী রেজা প্রথম আলোকে বলেন, বেসরকারি তেল পরিশোধন কারখানাগুলো তাদের উৎপাদিত পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন ও এলপিজি কোনোভাবেই সরাসরি বাইরে বিক্রি করতে পারবে না। এই জ্বালানি তেলগুলো বিপিসি তাদের কাছ থেকে কিনে নেয়। এর বাইরে উৎপাদিত অন্য পণ্য তারা বাইরে বিক্রি করতে পারবে। তবে সেগুলো কোনোভাবেই জ্বালানি তেল হতে পারবে না।
এ বিষয়ে মামলার বাদী বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস প্রথম আলোকে বলেন, তেলবাহী ট্রাকটি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে তেল পরিবহনের জন্য যাচ্ছিল না। কাগজপত্র দেখাতে না পারায় চোরাচালানের অভিযোগে ট্রাকটি জব্দ করে মামলা করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, নিয়ম অনুযায়ী বেসরকারি তেল শোধনাগারে পরিশোধিত কোনো জ্বালানি তেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও বিক্রি করা যায় না। কিন্তু সুপার রিফাইনারি কর্তৃপক্ষ খোলাবাজারে বিক্রি-নিষিদ্ধ তেল রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে না দিয়ে অন্যত্র বিক্রি করছে—এই অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা তেল বাইরে বিক্রি-নিষিদ্ধ কি না, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
তবে মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই একরামুল হক গত ২০ আগস্ট ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘তদন্তকালে সাক্ষ্যপ্রমাণে এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়া যায়নি। জব্দ করা তেল পাচার বা রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া যায়নি আসামিদের বিরুদ্ধে।’ চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ‘অত্র মামলার বাদী ঘটনার বিষয়ে ভুল বুঝিয়া আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।’
নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার আগেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার বিষয়ে তদন্ত কর্মকর্তা একরামুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশও কোনো মন্তব্য করতে রাজি হননি।
সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডে চট্টগ্রামের সুপার গ্রুপ অব কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। সুপার গ্রুপের ব্যবস্থাপক দিদারুল আলম চৌধুরী বলেন, ‘পেট্রোবাংলার কাছ থেকে কনডেনসেট (গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া এক ধরনের তরল) কিনে আমরা পরিশোধন করে বাইরে বিক্রি করি। শুধু পেট্রল ও ডিজেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হয়।’ তিনি বলেন, পুলিশ যে ট্রাকটি জব্দ করেছে, সেটিতে ছিল কেএসও, যা আলকাতরা ও রং তৈরিতে ব্যবহৃত হয়। এই পণ্য বাইরে বিক্রিতে বাধা নেই।
আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছেন। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাটি ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।