মামলা করলে ছাত্রীর ভিডিও ছড়ানোর হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে একটি আবাসিক হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. জানে আলম। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের নুরুল আলমের ছেলে। ওই শিক্ষার্থীর মা গত বুধবার থানায় অপহরণের অভিযোগ করেন। তিনি বলেন, অপহরণের পর থেকেই জানে আলম নানা হুমকি দিয়ে আসছিলেন। মামলা করা হলে তাঁর মেয়ের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) কাউসার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে ওই শিক্ষার্থীর মা অভিযোগ দেন। পরে কৌশলে গত শুক্রবার রাতে হাটহাজারীর মদুনাঘাট থেকে অপহরণকারী জানে আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, একই দিন গভীর রাতে নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, চাকরির কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় থাকেন না তিনি। এই সুযোগে তাঁর মেয়েকে অপহরণ করে জানে আলম। এ ঘটনায় মামলা করলে তাঁর মেয়ের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন জানে আলম।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়াত উল্লাহ বলেন, এ ঘটনায় শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই ছাত্রীর মা। রোববার গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এসআই কাউসার উদ্দিন চৌধুরী আরও বলেন, আদালতের অনুমতিক্রমে ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করা হবে। ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তী সময়ে সেই অনুযায়ী মামলার অভিযোগপত্র দেওয়া হবে।