মামলা করায় হামলা
নওগাঁর নিয়ামতপুরে মামলা করায় এক দম্পতির ওপর হামলা হয়েছে। হামলায় আহত ওই দম্পতি হলেন নরসিংহপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে ববিতা বিবি (৩০) ও তাঁর স্বামী খোকন (৩৫)। গত বুধবার উপজেলার হাজিনগর ইউনিয়নের নরসিংহপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ওসি বলেন, হামলার ঘটনায় ববিতা বাদী হয়ে আটজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন নরসিংহপুর শালবাড়ী গ্রামের শামসুল আলম, মোহাম্মদ আলী, আবদুল হাই, আফাজ উদ্দিন, এছলাম ও হেলাল এবং মসিন্দা গ্রামের কামরুজ্জামান ও রিপন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই নরসিংহপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে মুক্তার হোসেনকে কয়েকজন মারধর করেন। এ ঘটনায় একই গ্রামের মোহাম্মদ আলী, শামসুল আলমসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন মুক্তার হোসেন। এরপর গত ২৩ জুলাই শামসুল আলমের প্ররোচনায় ববিতা বিবি নারী নির্যাতনের অভিযোগে মুক্তারের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলার পর শামসুল ববিতাকে নিজের পক্ষে রাখার জন্য নিজ বাড়িতে ৪০ দিন আটকে রাখেন। কিন্তু ১ সেপ্টেম্বর ববিতা শামসুলের বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি চলে যান এবং পরদিন চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন। ৬ সেপ্টেম্বর নওগাঁ জেলা নোটারি পাবলিকে এফিডেভিট করে মুক্তারের বিরুদ্ধে করা মামলাটি তিনি তুলে নেন। একই দিন তিনি বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগে শামসুল আলমসহ আটজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। ববিতা ও তাঁর স্বামী গত বুধবার বেলা দুইটার দিকে নওগাঁ শহর থেকে গ্রামে গিয়ে তাঁদের বাড়ি তালা মারা অবস্থায় দেখতে পান। এর কিছুক্ষণ পর শামসুল আলমের লোকজন ওই দম্পতির ওপর হামলা চালান এবং তাঁদের মারধর করে বাড়ির সামনে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে রেখে যান। পরে তাঁদের নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ববিতা বলেন, ‘ভয়ভীতি প্রদর্শন করে ২৩ জুলাই আমাকে দিয়ে মুক্তারের বিরুদ্ধে মামলা করান শামসুল ও মোহাম্মদ আলী। পরে তাঁরা আমাকে শামসুলের বাড়িতে আটকে রাখেন। ওই মামলা তুলে নিয়ে তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা করায় তারা আমাদের ওপর হামলা চালিয়েছেন।’