মামলা করায় হামলা অভিযোগ মেয়রের ভাইয়ের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের ছোট ভাই জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা করায় ভূমির তত্ত্বাবধায়ক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
কসবা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ করেন ভূমির তত্ত্বাবধায়ক গেদু মিয়া। তিনি বলেন, জাহাঙ্গীর মিয়া ও তাঁর লোকজন গত বুধবার দুপুরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। তাঁদের হামলায় আহত হয়েছেন নারীসহ ছয়জন।
জমি দখল বিষয়ে তিনটি মামলা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, কসবা খারপাড়া গ্রামের বাদল চন্দ্র কর্মকার ওয়ারিশসূত্রে কসবা, কালিকাপুর ও কুটনা মৌজার ১৮৫ শতক ভূমির মালিক ছিলেন। তিনি চিরকুমার অবস্থায় মারা যান। তাঁর তিন বোনের মধ্যে একজন স্বাধীনতার আগেই ভারতে চলে গেছেন। অপর দুই বোনের ওয়ারিশ খারপাড়া গ্রামের কার্তিক চন্দ্র কর্মকার, কুটি গ্রামের গৌরাঙ্গ রায় কর্মকার ও নিতাই কর্মকার সেই ভূমির মালিক হন। তাঁদের নামে কসবা ভূমি কর্মকর্তার কার্যালয়ে জমির নামজারি করা হয়।
এজাহার থেকে আরও জানা গেছে, কার্তিক কর্মকারের খালাতো ভাই ভারতীয় নাগরিক সঞ্জয় কর্মকারের নাম ব্যবহার করে কে বা কারা আবদুল আউয়াল শাহিনের নামে গত ৯ অক্টোবর কসবা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে একটি দলিল নিবন্ধন করে। ১৭ নভেম্বর রাতে জাহাঙ্গীর আলমসহ তাঁর লোকজন কসবা মৌজার ৮২ শতাংশ জায়গার মাঝখানে বেড়া দেন। এ ঘটনায় জাহাঙ্গীর মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর একটি চাঁদাবাজি মামলা করেন কার্তিক কর্মকার। প্রতিবেদক সঞ্জয় কর্মকারের সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
কসবা মৌজার জমি বাদল চন্দ্রের আমল থেকেই গেদু মিয়া রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই জমিতে গাছের চারা করে ব্যবসা করেন। মামলা করায় বুধবার রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও আলমারিতে থাকা ৬৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্রাদি লুট করা হয়। হামলায় তাঁর স্ত্রী হাসেনা বেগম (৪০), বড় মেয়ে কুলসুম (২০), ভাতিজা ওমর ফারুক (১৪), ছোট ভাই মালু মিয়ার স্ত্রী সাজেদা বেগম (২৮), ছোট ভাই ইউনুছের স্ত্রী পারভীন (৩০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনা নিয়ে থানায় আগেও কয়েকটি মামলা হয়েছে। গত বুধবারের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।