বরগুনার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই নারী আদালতে মামলা করায় ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন। বর্তমানে ওই নারী পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছেন।
স্বামী পরিত্যক্তা ওই নারীর অভিযোগ, উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মর্তুজা মোল্লা (৪৫) তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি ইউপি সদস্যকে বিয়ে করার জন্য চাপ দেন। কিন্তু মর্তুজা মোল্লা এ নিয়ে টালবাহানা শুরু করেন। পরে তিনি বিষয়টি এলাকার লোকজনকে জানালে ইউপি সদস্য ও তাঁর আত্মীয়স্বজনেরা গত ২০ জুলাই তাঁকে চরিত্রহীন অপবাদ দিয়ে মারধর করেন। এরপর বাধ্য হয়ে তিনি ২৬ জুলাই বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মর্তুজা মোল্লাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
ওই নারী গতকাল শনিবার মুঠোফোনে বলেন, মামলা দায়েরের পর ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে চাপ দিচ্ছেন। মামলা তুলে না নিলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। এরপর থেকে ভয়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে মর্তুজা মোল্লা বলেন, ‘ওই মহিলাকে আমি চিনিই না।’ এরপর তিনি বলেন, ‘ওই মহিলা চরিত্রহীন।’ চেনেন না, তবে তিনি চরিত্রহীন, এটা জানলেন কীভাবে—এমন প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। কিছুক্ষণ পর বলেন, ‘ওই মহিলা আমাকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে আমার সম্মানহানি করছে। তাকে জীবননাশের হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।’
আদালত সূত্র জানায়, মামলা দায়েরের পর ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম মামলার আরজি গ্রহণ করে ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনার সিভিল সার্জনকে আদেশ দেন।
বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক সানজিদা মাহমুদ গতকাল বলেন, আদালতের নির্দেশে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।