নারায়ণগঞ্জ সদর উপজেলার শহীদনগরে সরকারি স্কুল ও মসজিদের জায়গা দখলের অভিযোগে মামলা করায় দুই বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর কামরুল হাসান ওরফে মুন্নার নেতৃত্বে একটি চক্র শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদনগর বায়তুল জান্নাত জামে মসজিদের ৪ শতাংশ জায়গা দখল করেছে। চক্রটি সেখানে ‘চিলড্রেন গার্ডেন’ নামে একটি বেসরকারি স্কুল নির্মাণের চেষ্টা করছে। এ অভিযোগে সম্প্রতি আদালতে মামলা করেন স্কুল ও মসজিদ পরিচালনা কমিটির ২২ জন। মামলা করায় দখলদার চক্রটি প্রাণনাশের হুমকি দিচ্ছে—উল্লেখ করে মামলার বাদীদের একজন আতাউর রহমান ১৫ মে জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আরেক বাদী আহমেদুল হোসাইন একই দিন প্রাণনাশের হুমকির অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগকারী দুজন বলেন, বিদ্যালয় ও মসজিদের সম্পত্তি দখল করে বেসরকারি স্কুল নির্মাণের বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জানালে কিছুদিন ওই নির্মাণকাজ বন্ধ ছিল। কিন্তু চক্রটি নির্মাণসামগ্রী এনে আবার ‘চিলড্রেন গার্ডেন’ স্কুল নির্মাণে হাত দেয়। এর পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করেন তাঁরা। মামলার কথা জানাজানি হলে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সদস্যসচিব কামরুল হাসান বাদীদের প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখাচ্ছেন।
কাউন্সিলর কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’