মামলা করায় প্রাণনাশের হুমকি, শিক্ষিকা বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অপহরণের করে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগে মামলা করার পর আসামিরা ওই শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ কারণে ওই শিক্ষিকা এখন বাড়িছাড়া। গত শুক্রবার ওই শিক্ষিকা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
পুলিশ ও শিক্ষিকার পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে নয়টার দিকে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় ওই উপজেলার বালিজুড়ী বাজার এলাকার চাইলেনীপাড়া তিন রাস্তা মোড়ে সাবেক স্বামী মো. শহিদুল্লাহ্সহ কয়েকজন তাঁকে অপহরণ করে নিয়ে যান। অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে শহিদুল্লাহ্ তাঁকে ধর্ষণ ও হাত-পা বেঁধে নির্যাতন করেন। সোমবার রাত ১০টার দিকে জোরপূর্বক তিনি একটি কাবিননামায় ও সাদা স্ট্যাম্পে শিক্ষিকার সই নেন। পরে শহিদুল্লাহ্ তাঁর নিজ বাড়িতে নিয়ে তাঁকে আটকে রাখেন। গত মঙ্গলবার ভোরে তিনি কৌশলে পালিয়ে মাদারগঞ্জ থানায় উপস্থিত হন।
এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে ওই শিক্ষিকার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাদারগঞ্জ থানায় শহিদুল্লাহ্, তাঁর বড় ভাই মাজাহারুল ইসলাম, শফিকুল ইসলামসহ সাত-আটজনের নামে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার সঙ্গে ২০০২ সালে শহিদুল্লাহ্র বিয়ে হয়। ২০০৪ সালে শহিদুল্লাহ্ সৌদি আরবে চলে যান। তিনি দীর্ঘদিন ওই শিক্ষিকার খোঁজখবর নেননি। এ কারণে তিনি ২০১৪ সালের জুনে আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দেন। তালাক দেওয়ার তিন মাস পর শহিদুল্লাহ্ দেশে ফিরে ওই শিক্ষিকাকে পুনরায় বিয়ে করার জন্য চাপ দেন। কিন্তু রাজি না হওয়ায় তিনি বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। গত রোববার তিনি তাঁকে অপহরণ করে নিয়ে যান এবং ধর্ষণ ও নির্যাতন করেন। এ ব্যাপারে ওই শিক্ষিকার সাবেক স্বামীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মাদারগঞ্জ থানার এসআই হারুন-অর-রশিদ বলেন, ১০ নভেম্বর জামালপুর সদর হাসপাতালে করা ডাক্তারি পরীক্ষায় শিক্ষিকাকে ধর্ষণ ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন।