মামলা করে জীবননাশের আশঙ্কায় ব্যবসায়ী
যশোর শিল্প ও বণিক সমিতির নির্বাচন স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করে জীবননাশের ¦আশঙ্কায় পড়েছেন জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান। যশোর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক শীর্ষ নেতা মুঠোফোনে তাঁকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় তাঁর বাসভবন ও ডাল মিল এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ফিরোজ খান প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার পরিবারের কেউ ভালো নেই। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ফোন করে বলেছেন, মামলা তুলে নেওয়ার জন্য একটা কাগজ পাঠাচ্ছি, স্বাক্ষর করে দেবেন। তা না হলে আমার ছেলেরা যা করার তা করবে। এর পর থেকে আমার স্ত্রী মানসিক চাপে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, বাঁচবে কি না জানি না। আমিও জীবনাশঙ্কায় রয়েছি।’
জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার সব করা হচ্ছে। তাঁর বাসভবন ও মৎস্য হ্যাচারি প্রতিষ্ঠানের আশপাশে পুলিশি টহল রয়েছে।
নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচন স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার যশোর সহকারী জজ আদালতে ফিরোজ খান আবেদন করেন। শুনানি শেষে সদর সহকারী জজ আদালতের বিচারক রাকিবুল ইসলাম নির্বাচন স্থগিতের আদেশ দেন। একই সঙ্গে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয় বিবাদীদের। বিবাদীরা হলেন সমিতির প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, নির্বাচন বোর্ডের আহ্বায়ক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, বোর্ডের সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম ও সাইফুল ইসলাম।
এদিকে গত বুধবার সংবাদ সম্মেলনে একটি প্যানেলের নেতা ও যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজু অভিযোগ করেন, ব্যবসায়ীদের এ সংগঠনটি রাজনৈতিকীকরণ বা দলীয়করণ করা হচ্ছে। তাই তো বিএনপির চার প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করতে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। আর তাঁকেও মনোনয়নপত্র প্রত্যাহারে ফোন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। কিন্তু তিনি প্রত্যাহার করেননি। নির্বাচনের আগে এবার যেসব কর্মকাণ্ড হয়েছে, তাতে ভোটাররা পরিস্থিতি খারাপ মনে করলে ভোটকেন্দ্রে যাবেন না।
এর আগে বিএনপিপন্থী চার ব্যবসায়ী নেতা নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনার পর আওয়ামী লীগের এক পক্ষ পুলিশ দিয়ে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করায়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা থানা ঘেরাও, দোকান বন্ধ করে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। পরে তাঁরা জামিনে মুক্তি পেয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ ছাড়া সমঝোতার ভিত্তিতে এবারের চেম্বার নির্বাচনের কমিটি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এতে আগের মতো এবারের নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই।