মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার ১৬ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকায় গত বুধবার পুলিশের সঙ্গে সেলিম ওরফে চৌর্যান সেলিম বাহিনীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রোকন ইসলাম খান বাদী হয়ে ওই মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের আধিপত্য বিস্তার করতে সেলিম ময়মনসিংহের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষদের জিম্মি করে রাখতেন। চরাঞ্চলে সেলিমের একটি বাহিনীও আছে। মানুষের বাড়িঘর ভাঙচুরসহ বেশি কিছু অভিযোগে সেলিমের নামে অন্তত পাঁচটি মামলা রয়েছে। বুধবার দুপুরে সেলিম বাহিনীর লোকজন গ্রামের সাধারণ মানুষদের জোর করে শহরে এনে সেলিমের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন। খবর পেয়ে পুলিশ চর ঈশ্বরদিয়া এলাকায় গিয়ে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুজন পুলিশ আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সেলিম বাহিনীর ১৬ জনকে আটক করে। পরে গতকাল সেলিম াহিনীর ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনের নামে ওই মামলা করেন এসআই রোকন ইসলাম। আটক ১৬ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।