মামলা করেনি কেউ, আটক কনস্টেবলকে ডিএমপিতে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার থেকে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে পুলিশ কনস্টেবল আটকের ঘটনায় ভুক্তভোগী, র‍্যাব ও পুলিশ কেউ মামলা করেনি। অবশেষে গতকাল সোমবার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে কনস্টেবল জাহাঙ্গীর আলমকে তাঁর কর্মস্থল ডিএমপির প্ররক্ষা বিভাগে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, প্ররক্ষা বিভাগই তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে কনস্টেবল জাহাঙ্গীরকে গত শনিবার ধানমন্ডি থেকে আটক করে র‍্যাব। ওই ঘটনায় পুলিশের বিশেষ শাখার দুই উপপরিদর্শকও (এসআই) জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের একজন সাময়িক বরখাস্ত। র‍্যাব জানায়, মান্নান জায়গাজমি-সংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে যুক্তরাজ্যপ্রবাসী এক নারীর কাছ থেকে ৬৫ লাখ টাকা নেন। তবে তিনি কাজ করেননি। ওই টাকা ফেরত পেতে ওই নারী পুলিশের বিশেষ শাখার সাময়িক বরখাস্ত হওয়া এসআইয়ের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে ওই পুলিশ সদস্যরা মান্নানকে তুলে নিয়ে কয়েকটি চেকে তাঁর স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা তোলেন। পরে তাঁকে ছেড়ে দেন। মান্নান এ বিষয়ে র‍্যাব-২-এ অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব জাহাঙ্গীরকে আটক করে শনিবার গভীর রাতে ধানমন্ডি থানায় হস্তান্তর করে। ধানমন্ডি থানা রোববার তাঁকে ঘটনাস্থল তেজগাঁও থানার আওতাধীন হওয়ায় ওই থানায় হস্তান্তর করে।

তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত র‍্যাব, ভুক্তভোগী বা পুলিশ মামলা করেনি। র‍্যাব বলছে, তাঁরা জাহাঙ্গীরকে থানায় হস্তান্তরের সময় সঙ্গে মান্নান, জাহাঙ্গীর, ওই নারী এবং র‍্যাবের লিখিত বক্তব্যও দিয়েছে। সে অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে, র‍্যাব মামলা করবে না। মান্নান লিখিতভাবে থানায় জানিয়েছেন, তিনি মামলা করবেন না। আর পুলিশ বলছে, র‍্যাব যেহেতু জাহাঙ্গীরকে আটক করেছে, সেহেতু র‍্যাব বা মান্নানকে মামলা করতে হবে।

মামলা নিয়ে ঠেলাঠেলিতে গতকাল পর্যন্ত মামলা হয়নি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল প্রথম আলোকে বলেন, কেউ মামলা না করায় জিডিমূলে আটক জাহাঙ্গীরকে তাঁর কর্মস্থল ডিএমপির প্ররক্ষা বিভাগে পাঠানো হয়েছে। ওই বিভাগই ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

গতকাল যোগাযোগ করা হলে মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল। ওই নারীর সঙ্গে আপস করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি মামলায় যেতে চান না। ৬৫ লাখ টাকা নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা বৈঠকে বসলে হিসাব করে বলা যাবে। এখন বলতে পারছি না।’