নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নে লাকি আক্তার ওরফে জাহাঙ্গীর (২৫) নামের এক হিজড়াকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকালে চর কাঁকড়া থেকে মিজানুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, লাকিকে পিটিয়ে হত্যার ঘটনায় গত রোববার রাতে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। হিজড়া সোনালী ওরফে সোহাগী এ মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, পিটিয়ে হত্যার ঘটনার পর গত রোববার গ্রেপ্তার হওয়া মাঈন উদ্দিন মাস্টার ও আবদুস সাত্তার এবং গতকাল গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান মামলার এজাহারভুক্ত আসামি।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মজিদ জানান, মাঈন উদ্দিন, আবদুস সাত্তার ও মিজানুরকে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার কাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে পিটুনিতে হিজড়া লাকি আক্তার নিহত হন।