মামলা তুলে না নিলে বোন-বাবার মতোই মরতে হবে
মেয়ে খুন হওয়ার ঘটনায় মামলা করেন বাবা। মামলাটি তুলে নিতে ভয়ভীতির মুখে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর মামলার বাদী হন মেয়েটির বড় বোন। তাঁকেও এখন হুমকি দিয়ে বলা হচ্ছে, মামলা তুলে না নিলে বোন ও বাবার মতোই মরতে হবে।
বরিশালের গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মামলার বর্তমান বাদী মেয়েটির বড় বোন শাহনাজ বেগম।
লিখিত বক্তব্যে বলা হয়, গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে উত্তরা ব্যাংকের গাড়িচালক ইসমাইল হাওলাদারে (৪৫) সঙ্গে ২০১৪ সালে উপজেলার লক্ষ্মণকাঠি গ্রামের দিনমজুর শাহজাহান আকনের ছোট মেয়ে মণি আক্তারের (২৮) বিয়ে হয়। কিছুদিনের মধ্যেই ইসমাইল বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনতে মণিকে চাপ দেন। এতে অস্বীকৃতি জানানোয় তাঁর ওপর নির্যাতন নেমে আসে। একপর্যায়ে গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইসমাইল ও মণি নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়াবাড়িতে ওঠেন। তাঁদের সিয়াম নামে নয় মাসের একটি ছেলে রয়েছে।
শাহনাজ বেগম অভিযোগ করেন, ফতুল্লায় যাওয়ার পর ইসমাইল আরেক নারীর প্রেমে জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় আবার দাম্পত্য কলহ শুরু হয়। গত ৫ জুন মণি তাঁকে (শাহনাজ) মুঠোফোনে বলেছিলেন, তাঁকে এখান থেকে না নিয়ে গেলে মেরে ফেলা হতে পারে। ১১ জুন সকালে ইসমাইল স্ত্রী মণিকে শ্বাসরোধে হত্যা করেন। কিন্তু মুঠোফোনে শ্বশুর শাহজাহান আকনকে বলেন, মণি হৃদ্রোগে মারা গেছেন। ইসমাইল তড়িঘড়ি করে চন্দ্রহার গ্রামে লাশ এনে দাফনের চেষ্টা চালান। তবে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে। পাশাপাশি ফতুল্লা থানার পুলিশের মাধ্যমে ইসমাইলকে আটক করা হয়।
শাহনাজ বেগম জানান, ১৪ জুন শাহজাহান আকন ফতুল্লা থানায় ইসমাইলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে চলতি মাসে আসামি ইসমাইল জামিনে ছাড়া পেয়ে ভাড়াটে সন্ত্রাসীদের শাহজাহান আকনের বাড়িতে পাঠান। মামলা প্রত্যাহার না করলে তারা হত্যাসহ নানা ভয়ভীতি দেখায়। ১৬ সেপ্টেম্বর শাহজাহান আকন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহনাজ বেগম বলেন, ‘এখন মামলা প্রত্যাহারে আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন ইসমাইল। মামলা তুলে না নিলে আমাকেও হত্যার হুমকি দিচ্ছেন। বাড়িতে প্রায়ই সন্ত্রাসীদের পাঠাচ্ছেন। মুঠোফোনে হুমকি দিয়ে তিনি আমাকে বলেছেন, কথামতো না চললে বোনের ও বাবার পথ ধরে তোকেও মরতে হবে। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাটাজোর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রেখা বেগম, মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিক উদ্যোগ’-এর উপজেলা সমন্বয়কারী আবদুল কাদের প্রমুখ।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে ফোন দেওয়া হলেও মোহাম্মদ ইসমাইলের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ‘মামলার তদন্ত চলছে। বাদীকে হুমকি দেওয়ার বিষয়ে আমি অবহিত নই।’