ময়মনসিংহের নান্দাইলে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার না করায় ছাত্রীর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রীর বাবা গত ৫ জানুয়ারি মেয়েকে অপহরণের ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলা করেন। এ নিয়ে ৬ জানুয়ারি প্রথম আলোয় ‘প্রথমে ক্ষুরের জখম, পরে অপহরণ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। পুলিশ ২০ মার্চ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে বিচারিক হাকিমের কাছে দেওয়া জবানবন্দিতে ছাত্রীটি বলে, তাকে প্রতিবেশী সিদ্দিক মীরের ছেলে মো. শামীম মীর ও ফজলু মীরের ছেলে আলমগীর মীর অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছিল। এরপর দুজনকে মামলায় অভিযুক্ত করা হয়।
ছাত্রীটির বাবা আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই তা তুলে নেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। এতে তিনি রাজি হননি। পরে সিদ্দিক মীর ও ফজুলর রহমান মীর তাঁকেসহ (ছাত্রীর বাবা) তাঁর তিন ছেলে ও আত্মীয়স্বজনকে অভিযুক্ত করে থানা ও আদালতে চারটি মামলা করেন। কাগজপত্র ঘেঁটে দেখা যায়, মামলাগুলোতে আগুন দিয়ে ঘর পোড়ানো, পুকুরের মাছ চুরি, গরু চুরি ও খুনের উদ্দেশ্যে হামলার অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন মো. অলিউল্লাহসহ আরও চার ব্যক্তি বলেন, আগুন দিয়ে ঘর পোড়ানো মামলার প্রধান আসামি (ছাত্রীর বাবা) ঘটনার সময় তাঁদের সঙ্গে মসজিদে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে একসঙ্গে বের হয়ে তাঁরা ঘরে আগুন জ্বলতে দেখেন। কিন্তু পুলিশ তাঁদের সাক্ষ্য নেয়নি। প্রতিবেশী বৃদ্ধা হাজেরা খাতুন (৬০) বলেন, তাঁর ছেলে ঢাকায় কাজ করে। ঢাকায় কর্মরত অবস্থায় তাঁর ছেলে কীভাবে মাছ চুরির মামলার আসামি হলো, তা তিনি বুঝতে পারছেন না। আবদুল হেকিম (৮৫) নামের আরেকজন বলেন, স্কুলছাত্রীর পরিবারটি কেন হয়রানির শিকার হচ্ছে, তা তদন্ত করে দেখা দরকার। বর্তমানে ভয়ে মেয়েটি লেখাপড়া বন্ধ করে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।
গতকাল সিদ্দিক মীর ও ফজলুর রহমান মীরের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। ফজলুর রহমানের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূঁইয়া বলেন, অপহরণের মামলা করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে ছাত্রীটির বাবা ও তাঁর পরিবারকে হয়রানি করছে।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্ বলেন, ছাত্রীর বাবার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো গুরুত্বসহকারে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ এলে কর্তব্যরত কর্মকর্তাদের সত্যতা যাচাই করে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি।