মামলা তুলে না নেওয়ায় ২৬০০ কলাগাছ হত্যা?

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধস্বর গ্রামের ১১ কৃষকের সাত বিঘা জমির দুই হাজার ৬০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে কৃষকেরা কেটে ফেলা কলাগাছগুলো দেখতে পান। একটি হত্যা মামলা প্রত্যাহার না করায় আসামিরা ওই ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
দুধস্বর গ্রামের জয়নাল শেখ বলেন, তাঁদের গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। উভয় পক্ষ আওয়ামী লীগের সমর্থক। এক পক্ষের নেতৃত্বে আছেন দুধস্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাহেব আলী জোয়ার্দ্দার। অপর পক্ষের নেতৃত্বে আছেন তরুণ জোয়ার্দ্দার। গত ১৫ মে তাঁদের গ্রামে বিশারত নামের এক ব্যক্তি খুন হন। তিনি ছিলেন সাহেব আলী জোয়ার্দ্দারের সমর্থক। এ ঘটনায় তরুণ জোয়ার্দ্দারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলা এখন তদন্ত পর্যায়ে রয়েছে।
জয়নাল শেখ অভিযোগ করেন, এই মামলা দায়েরের পর থেকে তাঁদের ওপর নানাভাবে চাপ দিয়ে আসছিল প্রতিপক্ষরা। তাঁদের বেশ কয়েকজনের বাড়িতে ইতিপূর্বে হামলাও করা হয়েছে। সর্বশেষ সোমবার আসামিপক্ষ তাঁদের দেখে নেবেন বলে ভাটই বাজারে হুমকি দেয়। এরপর গতকাল সকালে তাঁরা মাঠে গিয়ে দেখতে পান, তাঁদের পক্ষের বেশ কয়েকজনের কলাগাছ কেটে ফেলা হয়েছে।
ওই গ্রামের কৃষক মফিজ উদ্দিন বলেন, তাঁর এক বিঘা জমির সব কলাগাছ কেটে দেওয়া হয়েছে। একইভাবে বিপুল হোসেন, সৈয়দ আলী, জয়নাল শেখ, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, হোসেন আলী, মজিবর রহমান, আক্কাচ আলী, সিদ্দিক আলী ও মতিয়ার রহমানের খেতের কলাগাছ কেটে ফেলা হয়েছে।
মফিজ বলেন, ১১ কৃষকের সাত বিঘা জমিতে থাকা দুই হাজার ৬০০ কলাগাছ কাটা হয়েছে। এতে তাঁদের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় তরুণ জোয়ার্দ্দারসহ ২৫ জনকে আসামি করে শৈলকুপায় থানায় মামলা করেছেন জয়নাল শেখ।
তরুণ জোয়ার্দ্দার মুঠোফোন বন্ধ করে রাখায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বলেন, ঘটনা খুবই দুঃখজনক। থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।