মামলা তুলে নিতে চাপ, গ্রেপ্তার হয়নি মূল আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের শিকার এক মাদ্রাসাছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৭ জুলাই ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। এদিকে মামলার প্রধান আসামিকে ১৫ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ছাত্রী ও তরুণটি (২২) একই এলাকার বাসিন্দা।
ছাত্রীটি বলে, ৭ জুলাই ঈদুল ফিতরের দিন দুপুরে সে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে তরুণটির ভাবি তাকে তাঁদের বাড়িতে নিয়ে যান। সেখানে তরুণটি তাকে বিয়ের প্রস্তাব দেন। সে রাজি না হলে তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে স্বজনেরা ছাত্রীটিকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার দিন ছাত্রীটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তরুণটিকে প্রধান আসামি করে মামলা করেন। পুলিশ ওই রাতেই তাঁর ভাবিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। কিন্তু গত ১৫ দিনেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।
ছাত্রীটি বলে, তরুণটি গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার কারণে সে পড়তে যেতে পারছে না। আর কয়েক মাস পরেই তার পরীক্ষা। ছাত্রীর বাবা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তির পরিবার অনেক টাকাপয়সার মালিক। তারা মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তাঁর মেয়ের নামে জমি লিখে দিয়ে তারা আপস করার চেষ্টা করছে। অনেকে ওই ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েও মীমাংসা করার কথা বলছে। তিনি গরিব বলে সবকিছুই সহ্য করছেন। এদিকে পুলিশও অভিযুক্ত ব্যক্তিকে ধরছে না।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেন, ছাত্রীর পরিবারকে আপসের জন্য চাপ দেওয়া হচ্ছে, তা তিনি জানেন। তিনি ছাত্রীর পরিবারের পাশে আছেন।
আত্মগোপনে থাকায় তরুণটি বা তাঁর অভিভাবকের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।