মামলা তুলে নিতে চাপ হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের আদুরী রানীকে তাঁর স্বামী নয়ন সরকার হত্যা মামলার আসামিদের পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া মামলা তুলে নিতে তাঁর ওপর চাপ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আদুরী রানী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
আদুরী রানী বলেন, ‘২০১৩ সালের ২০ আগস্ট তাঁর স্বামী নয়ন সরকারকে শ্বাসরোধে হত্যা করে মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনার মূল পরিকল্পনাকারী তাড়াশ উপজেলার বারুহাস ইউপির চেয়ারম্যান মোক্তার হোসেনের বড় ভাই মতিয়ার রহমান ওরফে মতি এবং মনসুর নামের আরেক ব্যক্তিকে ২০ জুন পুলিশ আটক করে। এরপর থেকে মতিয়ার রহমান ও মোক্তার হোসেনের পক্ষ থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে মোক্তার হোসেন বলেন, ‘নির্বাচনে হেরে কিছু লোক আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা ঘটনার সঙ্গে জড়াচ্ছে। আদুরীকে কোনো প্রকার ভয় দেখানো বা মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগের প্রশ্নই ওঠে না।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আমিনুল ইসলাম বলেন, মূল আসামিকে আটক করার পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আরও একজনকে আটক করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে, অচিরেই অভিযোগপত্র দাখিল করা হবে।