মামলা তুলে নিতে নির্যাতনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নারী নির্যাতনের মামলা তুলে নিতে গত সোমবার এক কিশোরীকে (১৬) বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে কিশোরীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা চার-পাঁচজন যুবক তার মুখ চেপে ধরে বাড়ির পাশে মেঘনা নদীর পাড়ে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই কিশোরী জানায়, মামলা তুলে নেওয়ার জন্য গ্রামের আলী আকবরের নেতৃত্বে চার-পাঁচজন তাকে ধইঞ্চা খেতে নিয়ে মারধর করে। মামলা না তুলে নিলে তার বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কয়েকজন সে সময় তাকে নদীর পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। পরে দূরে টর্চলাইটের আলো দেখে তারা পালিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকে আলী আকবর পলাতক।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের কথা শুনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
গত বছরের ১৬ ডিসেম্বর ওই কিশোরীকে রাতের আঁধারে চার যুবক ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করে। পরে চিকিৎসা শেষে পাঁচ দিন মেয়েটি নিজেই বাদী হয়ে ২১ ডিসেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে।