যুবলীগ কর্মী মেহেদী হাসান বাদল হত্যা মামলা তুলে নিতে আসামিপক্ষ চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মোবাশ্বেরা বেগম। তিনি হত্যা মামলার বাদীও। মেহেদীর বাড়ি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায়। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বলছেন, এই মামলার কয়েকজন আসামি জামিনে বেরিয়ে মেহেদীর পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। ১৫ সেপ্টেম্বর জামিনে আসা এক আসামির নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী হামলা ঘটে বলে তাঁরা জানান।
শেরশাহ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আসামিরা মেহেদী খুনের মামলা তুলে নিতে পরিবারকে চাপ দিচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। ঈদের দুই দিন পর আসামি আবদুল কুদ্দুস ও শফিকুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা এলাকার দোকানপাট ও গাড়ি ভাঙচুর করেন। তাঁরা শেরশাহ এলাকায় আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ারও চেষ্টা করেন।
গত বছরের ১ সেপ্টেম্বর রাতে শেরশাহ এলাকায় নিজ বাসার অদূরে সন্ত্রাসীরা যুবলীগ কর্মী মেহেদীকে খুন করে। এ ঘটনায় আরব আমিরাত প্রবাসী শফিকুল ইসলামসহ ২২ জনকে আসামি করা হয়। আসামিরা এলাকায় নিজেদের সরকারি দলের নেতা-কর্মী হিসেবে পরিচয় দিতেন।
মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার তিন সন্তানের নিরাপত্তা হুমকির মুখে। ওরা আমার সন্তানদের এতিম করেছে। মামলা তুলে না নিলে সন্তানদের ক্ষতি হবে বলে হুমকি দিচ্ছে। আসামিরা এলাকায় অস্ত্রের মহড়া দিচ্ছে। আমি খুব ভয়ের মধ্যে আছি।’
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, আবদুল কুদ্দুস নামের এক আসামি জামিনে বেরিয়ে ঈদের দুই দিন পর আওয়ামী লীগের অফিস দখলে নেওয়ার চেষ্টা করেন। এতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ সবকিছু করতে প্রস্তুত।
মেহেদী খুনের মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুর রহিম বলেন, মামলার ২২ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছেন। জামিনে আছেন চারজন।