মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গত ১৪ জুলাই স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই ছাত্রী। এরপর থেকে মামলাটি তুলে নিতে স্থানীয় প্রভাবশালীরা তাঁকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দুপুরে ওই ছাত্রীর বাড়িতে গেলে তাঁর মা বলেন, ‘ওই লম্পট আমার ম্যায়ারে ধর্ষণ করল। এরপর থেইক্যা ম্যায়াডা আমার ঠিকমতো খায় না। পড়ালেহাও করবার চায় না। বিচারের লেইগ্যা মামলা করলাম। অ্যাতো দিনেও আসামি ধরা পারলো না পুলিশ। পুলিশ আমাগো কয় মীমাংসার জন্য। মামলা তুলে নেওয়ার জন্য মেম্বার আর নেতারা হুমকি দেন। ট্যাকা-পয়সাও দিবার চায়। ট্যাকা দিয়া কি আমার ম্যায়ার ইজ্জত ফিরা পামু। আমরা জেলে, আমরা গরিব মানুষ। তাই বইল্যা কি মেয়ের বিচার পামু না।’
মামলার এজাহার ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, জরুরি বিষয়ে কথা আছে বলে ১৪ জুলাই বিকেলে মেয়েটিকে বাড়িতে ডেকে নেন এক প্রতিবেশী যুবক (৩২)। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। এরপর ঘরে নিয়ে দুই সহযোগীর সহায়তায় মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। এ সময় দুই সহযোগী মুঠোফোনে তা ধারণ করেন। এরপর বিষয়টি কাউকে না জানাতে মেয়েটিকে হুমকি দেওয়া হয়।
ওই ছাত্রী বলেন, লজ্জায় বিষয়টি তিনি মা-বাবা ছাড়া অন্য কাউকে বলতে পারেননি। ঘটনার কয়েক দিন পর তিনি স্থানীয় থানায় মামলা করতে যান। কিন্তু থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে গত ৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। মামলায় ওই যুবক ও তাঁর দুই সহযোগীকে আসামি করা হয়েছে।
মেয়েটির বাবা বলেন, টাকাপয়সা দিয়ে মেম্বার ও মাতবরদের পক্ষে নিয়েছে ওই যুবক। তাঁরা মামলা তুলে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য সোহেল চৌধুরী বলেন, ‘রাস্তাঘাটে মেয়েটিকে কুপ্রস্তাব দিত ওই যুবক। বিষয়টি মেয়েটির পরিবার আমাকে জানায়। ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। বিচারের মাধ্যমে আসামির শাস্তি হোক—সেটা আমিও চাই।’
গত বুধবার দুপুরে বাড়িতে গিয়ে ওই যুবককে পাওয়া যায়নি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক।
মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান। তিনি অন্যত্র বদলি হওয়ায় মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই তৌহিদুল ইসলাম। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, প্রযুক্তি ব্যবহার করে আসামির খোঁজ করা হচ্ছে। তাঁকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।