মামলা তুলে নিতে বাদীকে হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের খুমুরিয়া গ্রামের মাকুলী বেগম হত্যা মামলার আসামিপক্ষের লোকজন বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বাদী সুমি আক্তার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মাকুলী বেগমের (৩৫) মেয়ে সুমি আক্তার জানান, গত ২২ আগস্ট পাওনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী হারুন মিয়া ও তাঁর স্ত্রী আনজিল বেগমসহ ১০-১২ জন লোক মাকুলী বেগমকে পাশবিক নির্যাতন ও মারধর করে আহত করেন। ২৪ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাকুলী মারা যান। এ ঘটনায় হারুনকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করা হয়। এর পর থেকে বিভিন্ন সময় আসামিপক্ষের লোকজন সুমি আক্তারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর সুমি তিনজনের বিরুদ্ধে স্থানীয় থানায় জিডি করেন। সম্প্রতি মামলার দুই আসামি বাবুল শেখ ও সেলিনা বেগম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে সুমিকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ ছাড়া পিরোজপুরের সরকারি কৌঁসুলি (পিপি) আলাউদ্দিন খান আসামিদের পক্ষ নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
আলাউদ্দিন খান বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা জানান, বাদীকে হুমকির ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে।