সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা একটায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাজ্জাহান আলী এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ অক্টোবর বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য অনুমোদনের জন্য স্কুলের অভিভাবক সদস্যদের মনোনীত তিনজনের নাম তিনি স্থানীয় সাংসদের কাছে পাঠান। অভিভাবক মনোনীত ওই তিনজন স্থানীয় খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিমের পক্ষের না হওয়ায় তিনি মুঠোফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ১৭ অক্টোবর রাত নয়টার দিকে বিদ্যালয়ের অফিসে থাকা অবস্থায় চেয়ারম্যানের নির্দেশে কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করেন। এ সময় তাঁরা অসিত বরণ ঘোষকে বিদ্যোৎসাহী সদস্য লিখে একটি কার্যবিবরণীতে জোর করে স্বাক্ষর নেন ও প্রয়োজনীয় জিনিসপত্র কেড়ে নেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ঘটনার পর আশাশুনি থানায় চেয়ারম্যানসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলার পর চেয়ারম্যানসহ তাঁর পক্ষের লোকজন তাঁকে, তাঁর পরিবারের সদস্য ও সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। পাশাপাশি মামলা তুলে না নিলে বাদীকে জঙ্গি মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম শাহনেওয়াজ ডালিম বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপনে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করে সাংসদ আ ফ ম রুহুল হকের কাছে পাঠিয়েছিলেন। সাংসদ তার অনুমোদন না দিয়ে সর্বসম্মতিতে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করে তাঁর কাছে পাঠাতে বলেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ ও রিংকু রানী ঘোষকে নির্বাচন করা হয়। কিন্তু প্রধান শিক্ষক তা মেনে নিতে না পেরে মিথ্যা মামলা ও পরে সংবাদ সম্মেলন করেছেন। প্রতিপক্ষের একজন আওয়ামী লীগ নেতার ইন্ধনে তিনি এসব করছেন। ঘটনার বিন্দুমাত্র সত্যতা নেই বলে তিনি দাবি করেন।