খুলনায় সাবেক সাংসদের পুত্রবধূ সারাহ্ ফারগুশান তন্বীকে হত্যার অভিযোগ
মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন

খুলনা-৩ আসনের সাবেক সাংসদ আবদুল গফফার বিশ্বাসের পুত্রবধূ সারাহ্ ফারগুশান তন্বীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে তন্বীর পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তন্বীর স্বামী সোহেল বিশ্বাস ও বোন ইতি বিশ্বাস ওই মামলার আসামি।
গতকাল শুক্রবার খুলনা প্রেসক্লাবে নিহত সারাহ্ ফারগুশান তন্বীর পরিবার এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও সম্মিলিত মানবাধিকার সুরক্ষা ফোরাম নামে দুটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
৭ এপ্রিল রাত নয়টায় নগরের নূরনগর এলাকার আবদুল গফফার বিশ্বাসের বাড়ি থেকে সারাহ্ ফারগুশান তন্বীর (২৩) লাশ উদ্ধার করা হয়। তন্বী গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তন্বী আত্মহত্যা করেছেন বলা হলেও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তন্বীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনেও তন্বীর মাথা ও ঘাড়ে, বুকের বাঁ পাশে এবং কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রথমে থানা মামলা নিতে না চাইলে ১২ এপ্রিল খুলনার মহানগর হাকিম ইব্রাহিম খলিলের আদালতে মামলা করেন তন্বীর মা সামিমা আখতার। আদালত নগরের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আরজি গ্রহণের নির্দেশ দেন।
আরজিতে তন্বীর মা সামিমা আখতার উল্লেখ করেন, ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর সোহেল বিশ্বাসের সঙ্গে তন্বীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা জানতে পারেন সোহেল পরনারীতে আসক্ত। এপ্রিলের প্রথম সপ্তাহে সোহেল ব্যবসায়িক কাজে থাইল্যান্ড যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে খোঁজখবর নিয়ে তন্বী জানতে পারেন, সোহেল একটি মেয়েকে নিয়ে খুলনার বাইরে বেড়াতে গেছেন। বিষয়টি নিয়ে সোহেলের সঙ্গে তন্বীর বাগ্বিতণ্ডা হয়। ৭ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে তন্বী তাঁর মামাকে মুঠোফোনে তাঁর ওপর নির্যাতন করা হচ্ছে বলে জানান। এর এক ঘণ্টা পর তন্বীর শ্বশুরবাড়ি থেকে জানানো হয়, তন্বী আত্মহত্যা করেছেন।
সংবাদ সম্মেলনে তন্বীর মা অভিযোগ করেন, ‘থানা মামলা গ্রহণের চার দিন পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। অথচ তারা (বিবাদী পক্ষ) এ মামলা করার জন্য আমাদের হত্যা, অপহরণের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে।’ এ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন তন্বীর মা। পাশাপাশি অনতিবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।