মামলা তুলে নিতে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরা পারভীন
মনিরা পারভীন

রাজধানীর খিলক্ষেতের কলেজছাত্রী মনিরা পারভীনকে পিটিয়ে হত্যা ঘটনায় দায়ের করা হত্যা মামলা তুলে নিতে বাদীপক্ষের লোকজনকে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় আতঙ্কে আছে মনিরার পরিবার।
মামলাটি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। আসামিপক্ষের সবাই জামিনে আছেন।
মামলার এজাহার ও পরিবারের বক্তব্য অনুযায়ী, এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান নাসির উদ্দিন গত বছরের ১৮ জুন খিলক্ষেত নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরাকে গোপনে বিয়ে করেন। বিষয়টি জানার পর নাসিরের পরিবার ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। মনিরার পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এরই মধ্যে ২১ জুন মনিরাকে নিজের বাসায় নিয়ে যান নাসির। ওই দিনই নাসিরের পরিবারের লোকজন মনিরাকে পিটিয়ে আহত করেন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন মনিরার বাবা মো. মোস্তফা। পুলিশ নাসিরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। নাসির ছাড়া অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন: নাসিরের বাবা হাসেন আলী, মা নার্গিস, চাচা মুন্তাজ উদ্দিন ও দ্বীন ইসলাম, বোন হাসিনা, হাসিনার স্বামী মিলন, মিলনের ভাই দেলোয়ার, নাসিরের ফুফু মনোয়ারা, চাচি হাওয়া বিবি এবং নাসিরের ছোট ভাই মাসুদ।
চলতি বছরের ২৩ জুলাই অভিযোগপত্র নিয়ে নিম্ন আদালতে শুনানি হয়। তখন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হাসেন আলী, নার্গিস, মুন্তাজ, হাওয়া বিবি ও মনোয়ারাকে অব্যাহতি দেন। বাকি ছয়জনের জন্য বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মনিরার বাবা মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘অব্যাহতি পাইয়া আসামিরা এখন বলতেছে, তারা অর্ধেক মামলা থেইকা বাইর হইছে, বাকিদেরও নিয়ে আসব। যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হইছে, তারাও হুমকি দিতেছে মামলা তুলে নেওয়ার জন্য।’ মোস্তফা জানান, নিম্ন আদালতের অব্যাহতি-সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনার (রিভিশন) তাঁরা উচ্চ আদালতে আবেদন করবেন।
গত বৃহস্পতিবার নাসিরের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে শাকিল নামের একজন প্রথম আলোকে বলেন, ‘আমি নাসিরের বন্ধু। আমার দোকানে নাসির ফোন রেখে গেছে। ১০ মিনিট পর ফোন করেন।’
এরপর বেশ কয়েকবার ফোন করা হলেও কেউ ফোন ধরেননি