
খুলনার গৃহবধূ সারাহ ফারগুশান তন্নী হত্যা মামলার আসামি সাবেক সাংসদের ছেলে সোহেল বিশ্বাস মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তন্নীর পরিবার এ অভিযোগ করে।
গত ৭ এপ্রিল রাতে খুলনা নগরের নূরনগর এলাকায় সাবেক সাংসদ আব্দুল গফফার বিশ্বাসের বাড়ি থেকে তন্নীর লাশ উদ্ধার করা হয়। তন্নী গফফার বিশ্বাসের ছোট ছেলে সোহেল বিশ্বাসের তৃতীয় স্ত্রী। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তন্নী আত্মহত্যা করেছেন বলা হচ্ছে। কিন্তু তন্নীর পরিবারের অভিযোগ, নারীঘটিত কেলেঙ্কারি, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় নির্যাতনের মাধ্যমে তন্নীকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন সোহেল। আর সোহেলকে সহযোগিতা করেছেন তাঁর বোন ইতি বিশ্বাস।
সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথা ও ঘাড়ে, বুকের বাঁ পাশে এবং কোমরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা নিতে না চাইলে ১২ এপ্রিল খুলনা মহানগর হাকিম আদালতে মামলা করেন তন্নীর মা সামিমা আখতার। সোহেল বিশ্বাস ও ইতি বিশ্বাস ওই মামলার আসামি। গত ৮ মে র্যা ব-৬ সোহেলকে গ্রেপ্তার করে।
গতকাল সংবাদ সম্মেলনে সামিমা আখতার অভিযোগ করেন, টাকা দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদনও প্রভাবিত করা হয়েছে। প্রতিবেদনে তন্নীর মৃত্যু আত্মহত্যাজনিত বলে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গত ৫ মে সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। কিন্তু সোহেলের বোনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
সামিমা আখতার বলেন, এসব কারণে গত ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়। পরে আদালত মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করে। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আসামি সোহেলকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অথচ এর মধ্যে জেল কর্তৃপক্ষ আসামিকে অসুস্থ দেখিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
সামিমা বলেন, ‘এখন আসামি হাসপাতাল থেকে মুঠোফোনে আমাদের ও আমাদের আইনজীবীকে মারধরসহ হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। এ অবস্থায় চরম আতঙ্কে আছি। এখন আমরা তন্নীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা দাবি করছি।’
তন্বীর পরিবারের অভিযোগ, আসামি সোহেলের বাবা আবদুল গফফার বিশ্বাস পরিবহন ব্যবসায়ী। মামলা না উঠালে আসামির পরিবার পরিবহন ধর্মঘটেরও পরিকল্পনা করছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবদুল গফফার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হুমকি-ধমকি ও পরিবহন ধর্মঘটের পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ মিথ্যা। তন্বী আত্মহত্যা করেছে, যা ময়নাতদন্ত প্রতিবেদনেও এসেছে।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শাহজাহান বলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
ময়নাতদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে খুলনা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ওয়াহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমি যা সঠিক তা-ই প্রতিবেদনে লিখেছি। যদি কেউ আমার মতামত গ্রহণ না করেন তাহলে তিনি পুনঃময়নাতদন্ত করাতে পারেন। সরকারিভাবে সেই সুযোগ তো আছে।’