
খুলনার সারাহ ফার্গুসান তন্বী হত্যা মামলার প্রধান আসামি সোহেল বিশ্বাস জামিনে ছাড়া পেয়ে তন্বীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তন্বীর বাবা ১৭ জুলাই সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তন্বীর বাবা এস এম কামরুল আলমের অভিযোগ, তন্বী হত্যা মামলার প্রধান আসামি ও তন্বীর স্বামী সোহেল ১৬ জুলাই উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পায়। ওই দিন সন্ধ্যায় সে কয়েকটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় মহড়া দিয়ে তাঁদের বাড়ির ফটক ভাঙচুরের চেষ্টা করে। এ সময় সোহেল মামলা তুলে না নিলে বাদীসহ সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। এ কারণে তন্বীর মা ঈদে মেয়ের কবর জিয়ারত করতে খুলনায় যেতে পারেননি। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।
এ বিষয়ে সোহেল বিশ্বাসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার বাবা আবদুল গফফার বিশ্বাসের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর থেকে সোহেল অসুস্থ। সে বাড়ির বাইরে যাচ্ছে না।
চলতি বছরের ৭ এপ্রিল রাতে সাবেক সাংসদ আবদুল বিশ্বাসের খুলনার নূর নগরের বাসভবনে তাঁর পুত্রবধূ তন্বীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় তন্বীর মা শামীমা আক্তার খুলনা মুখ্য মহানগর হাকিম আদালত ‘গ’ অঞ্চলে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তন্বীর স্বামী সোহেল ও ননদ ইতি বিশ্বাসের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও দু-তিনজনকে আসামি করা হয়। গত ৯ মে মুন্সিগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে র্যা ব।