মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের মামলা তুলে নিতে ভোলার চরফ্যাশন উপজেলার এক কিশোরীকে আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিশোরীটি বলে, আসামিরা ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

কিশোরী (১৫) জানায়, উপজেলার এক মোটরসাইকেলচালকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দেয়। গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তি তার সঙ্গে দেখা করতে বলে। দেখা হলে সে তাকে চরফ্যাশন-নজরুলনগর সড়কের পাশে এক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার এক সহযোগী মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। পরে সে মারা গেছে ভেবে তারা তাকে ফেলে চলে যায়। পুলিশ রাত দুইটার সময় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

পরে সুস্থ হয়ে কিশোরীটি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে দক্ষিণ আইচা থানায় একটি মামলা করে। মামলায় ওই ব্যক্তি ও তার সহযোগীসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়।

দক্ষিণ আইচা থানার ওসি হানিফ শিকদার বলেন, তাঁরা আসামিদের আটক করার চেষ্টা করছেন।