মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন সেই শিক্ষক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় স্কুলছাত্র বলাৎকারের শিকার হওয়ার ঘটনায় করা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই হুমকি দিচ্ছেন। তা ছাড়া ওই ছাত্রকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। এতে ছাত্রটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

গতকাল বুধবার দুপুর ১২টায় ওই ছাত্রের বাবা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তাঁর ছেলে প্রধান শিক্ষক মশফিকিউর রহমানের কাছে ইংরেজি প্রাইভেট পড়ত। এই সুযোগে দশম শ্রেণির ছাত্রটির ওপর প্রায়ই নির্যাতন চালাতেন ওই শিক্ষক। মশফিকিউর গত ১৩ জুন রাত আটটার দিকে ছাত্রটিকে তাঁর বাসায় ডেকে নিয়ে যান। এরপর বলাৎকার করেন। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক বলাৎকারের ঘটনা উল্লেখ করে ভোলা সদর হাসপাতালে ডাক্তারি (ফরেনসিক) পরীক্ষার জন্য পাঠান। এ ঘটনায় পরদিন ১৪ জুন মামলা হয়। কিন্তু মামলার পর থেকে প্রধান শিক্ষক বাদীর পরিবার ও ছাত্রটিকে নানাভাবে হয়রানি করেন। ছাত্রটিকে সামাজিকভাবে অপমান-অপদস্থ করছেন। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে। তা ছাড়া ওই শিক্ষক মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, আসামিপক্ষ পুলিশ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন (ফরেনসিক রিপোর্ট) প্রভাবিত করার চেষ্টা করছে।

তবে বলাৎকারের অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মশফিকিউর রহমান বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি কাউকে হুমকি-ধমকি দিচ্ছেন না। এ ছাড়া তিনি একসময় বিএনপি করতেন, এখন আওয়ামী লীগ করেন। তাই তাঁর দ্বারা কাউকে প্রভাবিত করাও সম্ভব নয়।

জানতে চাইলে ভোলা জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, যা সত্য, তার ভিত্তিতেই ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হবে। কেউ তাতে প্রভাব ফেলতে পারবে না।

পুলিশকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উড়িয়ে দিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।