লক্ষ্মীপুর জেলার কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নে ধর্ষণের শিকার দুই বোনের মাকে (মামলার বাদী) মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাদী বলছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুমকির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এদিকে গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, দুই বোন ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। পরিবারটিকে নিরাপত্তা দেবে পুলিশ।
বাদী অভিযোগ করেছেন, মামলা করার পর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহিম মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। আসামিরাও বিভিন্নভাবে তাঁকে চাপ ও হুমকি দিচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা এবং ধামাচাপা দেওয়ার যে অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে এর সত্যতা মিললে তাঁকেও গ্রেপ্তার করা হবে।
অভিযোগের বিষয়ে আবদুর রহিম বলেন, ‘পরিবারটির কথামতো বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু মামলা তুলে নিতে হুমকির যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।’
গত মঙ্গলবার রাতে দুই বোনকে বাড়ির পাশের একটি পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি ইউপি সদস্য আবদুর রহিমকে জানান তাঁদের মা। তিনি থানায় মামলা না করতে বলেন এবং মীমাংসার আশ্বাস দেন। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় শুক্রবার দুপুরে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা করা হয়।
দুই বোনের ডাক্তারি পরীক্ষা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, দুই কিশোরীকে ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।