নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় হওয়া মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির ফলে ওই পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
আসামিপক্ষ ও যুবলীগ কর্মীদের হুমকিতে গতকাল মঙ্গলবার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ধর্ষণের শিকার ওই পোশাকশ্রমিকের স্বামী।
গতকাল মঙ্গলবার সাধারণ ডায়েরিতে ওই নারীর স্বামী উল্লেখ করেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পর থেকে আসামিদের পরিবারের সদস্যরা ও স্থানীয় যুবলীগ কর্মী সিরাজুল ইসলাম, আবদুল্লাহ মিয়া, মজিবুর রহমান, শওকত মিয়াসহ তাঁদের সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। প্রাণের ভয়ে তাই পরিবারের সবাই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
সনমান্দি ইউনিয়নের যুবলীগ কর্মী সিরাজুল ইসলাম ও আবদুল্লাহ মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। বাদীকে হুমকি ও ভয়ভীতির দেখানোর বিষয়টি অস্বীকার করেন তাঁরা।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার কোনো বিধান নেই। কেউ এ বিষয়ে মীমাংসা করার চেষ্টা করলে তাঁদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।