মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঘরোয়া হোটেলের কর্মচারী রিয়াদ হত্যার ঘটনায় করা মামলা তুলে নিতে তাঁর ভাই রিপন হোসেনকে (২০) মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে আজ সোমবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় রিপন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, গত ৩০ অক্টোবর ঘরোয়া হোটেলের মালিকের ভাই পরিচয় দিয়ে রাসেল নামের একজন মুঠোফোনে রিপনকে হুমকি দিয়েছেন। মামলা তুলে না নিলে রিয়াদের ও তাঁর পরিবারের সদস্যদেরও একই অবস্থা হবে বলে হুমকি দেন রাসেল বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি। ওসি বলেন, হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আব্দুল হানিফ প্রথম আলোকে বলেন, রিপনের নিরাপত্তায় পুলিশ ও কমিউনিটি পুলিশ নিয়োজিত আছে।
২৭ অক্টোবর মঙ্গলবার রাতে ৭৩ নম্বর স্বামীবাগে ঘরোয়া হোটেলের কর্মচারীদের মেসে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়।
বুধবার বিকেলে হোটেল মালিক আরিফুল ইসলাম, দুই কর্মচারী জসিম ও খবিরকে আসামি করে ওয়ারী থানায় মামলা করেন রিয়াদের ভাই রিপন।