মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার ছোট পাথরা হিন্দু পাড়ায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে করা সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
গত রোববার ছোট পাথরা এলাকার সুকুমার দাস, সনজিৎ দাস, অসীম দাস ও নারায়ণ দাসের বাড়িতে হামলা চালানো হয়। তাঁদের অভিযোগ, নৌকা প্রতীকে ভোট দেওয়ার কারণে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকেরা এ হামলা চালান।
গতকাল বিকেলে কেশবপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুকুমার দাস। তিনি বলেন, হামলার ঘটনায় কেশবপুর থানায় দায়ের করা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান মনোয়ার হোসেনের ছেলে খালিদ হাসানসহ ২০ জনকে আসামি করা হয়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, তাঁদের আবার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ‘মামলা তুলে না নেওয়া হলে তোদের দেখে নেওয়া হবে।’ এখন এলাকার সবাই, বিশেষ করে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলীসহ তুষার কান্তি পাল, সোহরাব শেখ ও রকিব উদ্দীন সরদার। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি করেন।
আয়ুব আলী বলেন, ‘১৯৭১ সালে নৌকায় ভোট দিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। আবারও নৌকায় ভোট দিয়ে বাড়িছাড়া হতে হচ্ছে। আমরা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আছি। তাঁদের কোনো ক্ষতি হতে দেব না। তবে এসব হিংস্র লোকেদের ঠেকাতে হবে। এদের কাছে কেউ নিরাপদ নয়।’
কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ‘হুমকির ব্যাপারে কেউ আমাদের কিছু জানায়নি। আসামি ধরতে অভিযান চলছে।’