মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
পাবনার আটঘরিয়া উপজেলায় এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় করা মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী বলছেন, আসামি গ্রামে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে ধরছে না।
কিশোরীর গ্রামের লোকজন ও তার পরিবারের সদস্যরা বলেন, ১৩ বছরের ওই কিশোরী স্থানীয় এক নারীর কাছে সেলাই শিখত। গত ২৯ মে দুপুরে মেয়েটি কাজ শিখতে ওই বাড়িতে যায়। সে সময় বাসায় কেউ ছিল না। তখন ওই নারীর স্বামী ফরহাদ খান মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন।
মেয়েটির বাবা বলেন, ঘটনার পর থেকে তাঁর মেয়ের মানসিক অবস্থা ভালো না। তিনি ফরহাদ খানকে আসামি করে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
তিনি অভিযোগ করেন, ফরহাদ মামলাটি তুলে নেওয়ার জন্য তাঁকে প্রায়ই হুমকি দিচ্ছেন। এসব বিষয় থানা-পুলিশকে জানানো হয়েছে। আসামি গ্রামে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
গ্রামের অন্তত তিনজন লোক বলেন, ফরহাদ মাছের ব্যবসা করেন। তাঁর একটি পোলট্রি ফার্মও আছে। ব্যবসার দেখভাল করতে ফরহাদ প্রায়ই গ্রামে আসেন।
এ বিষয়ে ফরহাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, পুলিশ আসামিকে খুঁজছে। আসামি পালাতক থাকায় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।