মামলা থেকে তাহসান-মিথিলা-ফারিয়াকে অব্যাহতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া
ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার মামলা থেকে গায়ক-অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে ধানমন্ডি থানা–পুলিশ। এ মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল, তাঁর স্ত্রী শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ বুধবার এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হাসান। প্রথম আলোকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই মোহাম্মদ এশারত আলী।

মামলার নথিপত্রে বলা হয়েছে, ইভ্যালিতে ৩ লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল কেনার জন্য ক্রয়াদেশ দিয়েছিলেন সাদ শ্যাম রহমান নামের এক গ্রাহক। টাকা নিলেও ওই গ্রাহককে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়নি। তাই সাদ শ্যাম রহমান বাদী হয়ে গত বছরের ৪ ডিসেম্বর মো. রাসেল, তাহসান, মিথিলা, ফারিয়াসহ আটজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন।

আরও পড়ুন

ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়ে ধানমন্ডি থানা–পুলিশ বলেছে, তাহসান খান ইভ্যালির গুডনেস অফিসার ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির হয়ে ক্রয়াদেশ গ্রহণ কিংবা পণ্য সরবরাহের দায়িত্বে ছিলেন না। তিনি ইভ্যালি থেকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদনও করেছিলেন। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া এ ঘটনার সময় ইভ্যালিতে কর্মরত ছিলেন না। তাই মামলা থেকে তাঁদের অব্যাহতির আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে এসআই মোহাম্মদ এশারত আলী প্রথম আলোকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মো. রাসেল, তাঁর স্ত্রী শামীমা, ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির ক্যাটাগরি প্রধান মোহাম্মদ আবু তাহের। তাঁদের মধ্যে রাসেল ও শামীমা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। আবদুল্লাহ ও তাহের পলাতক। তাঁদের দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে পুলিশ। অন্যদিকে এ মামলায় তাহসান, মিথিলা ও ফারিয়া আগাম জামিনে আছেন।

আরও পড়ুন