মামলা দায়ের, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাঁধন খন্দকারকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাঁধনের মা রেনু আক্তার গত বুধবার রাতে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ওরফে বাদলকে। এ ছাড়া সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে মিঠুকে হুকুমের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে এ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের রুবেল মল্লিক (৩২) ও মুলাডুলি স্টেশনপাড়ার বাবু শেখ (৩৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুলাডুলির স্টেশনপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নানের মেলায় জুয়া খেলা নিয়ে বুধবার দুপুরে মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে বাঁধন খন্দকার নিহত হন।
আ.লীগ নেতা অবাঞ্ছিত
বাঁধন খন্দকারকে গুলি করে হত্যার অভিযোগে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ওরফে মিঠুকে দল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মালিথা দলীয় কর্মীদের নিয়ে এ ঘোষণা দেন।