ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগের নেতা মহসিন জমাদ্দারকে (৪৫) হত্যার ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে মহসিনের ভাই জাকির জমাদ্দার বাদী হয়ে থানায় মামলা করেন।
একই দিন পুলিশ মামলার প্রধান আসামি মাকসুদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
নিহত মহসিন জমাদ্দার উপজেলার পশ্চিম নৈকাঠি গ্রামের মোতালেব জমাদ্দারের ছেলে। তিনি সাতুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, মহসিন জমাদ্দারের সঙ্গে একই গ্রামের মাকসুদা বেগম নামের এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। মহসিনের কাছ থেকে ওই নারী টাকা ধার নেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ দেখা দিলে গত সোমবার রাতে আসামিরা মহসিনকে বাড়িতে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাকসুদার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ওই রাতেই মাকসুদাকে আটক করে পুলিশ। পরে মামলায় মাকসুদা বেগম, মেয়ে রিনা বেগম (২৫), রিনার স্বামী শাহজালাল (৩৫) ও মাকসুদার বোন আকলিমা বেগমকে (৪৩) আসামি করা হয়।
মাকসুদা বেগম পুলিশের কাছে বলেন, মহসিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, গতকাল বুধবার মাকসুদা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।