মামলা দায়ের শিক্ষক সমিতির কর্মবিরতি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান নিয়াজ আহমেদকে তাঁর দপ্তরে ঢুকে কুপিয়ে জখম করার ঘটনায় শিক্ষার্থী ওয়েস আহমদকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশের জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
এদিকে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামীকাল রোববার কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ঘটনার তদন্ত করে দোষীকে কঠোর শাস্তি নিশ্চিত করতে শিক্ষক সমিতি ১০ দিনের সময়সূচি বেধে দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধানের দপ্তরে ঢুকে অধ্যাপক নিয়াজকে কুপিয়ে জখম করেন একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ওয়েস আহমদ। আহত অবস্থায় অধ্যাপক নিজামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা ওয়েসকে ধরে পুলিশে সোপর্দ করেন। তাঁকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে ওয়েস গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানান, ক্লাস চলাকালে শিক্ষক তাঁকে নিয়ে প্রায় সময় নানা কটূক্তি করতেন। এতে ক্ষুব্ধ হয়ে দপ্তরে গিয়ে চড়াও হয়েছিলেন। তবে এভাবে হামলা করা তাঁর ঠিক হয়নি বলে আবার অনুশোচনাও প্রকাশ করেন।
অন্যদিকে ওয়েস আহমদের এ অভিযোগ সম্পর্কে শিক্ষক নিয়াজ বলেন, ‘তাঁকে তো (ওয়েস) আমি ব্যক্তিগতভাবে চিনিও না। কোনো ছাত্রের বিরুদ্ধে আমি কখনো কটূক্তি করি না।’
ওই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকটি শ্রেণিকক্ষ ভাঙচুর করেন। ঘটনার প্রায় ঘণ্টা খানেক পর বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া নির্বাহী আদেশে ওয়েস আহমদকে আজীবন বহিষ্কার করেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কমিটি জরুরি সভা করে ওয়েসের স্নাতক সনদ সাময়িকভাবে বাতিলেরও সুপারিশ করে।
গতকাল টেলিফোনে আহত শিক্ষকের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে তিনি সিলেটের পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘এটা একটি গর্হিত কাজ। ঘটনার সঙ্গে জড়িত থাকা শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আমি বলেছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’