নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত শুক্রবার হামলায় পুলিশের ছয় কর্মকর্তাসহ ১৩ জন সদস্য আহত হওয়ার ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৪৭ জনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টা ছাড়াও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। পুলিশ সদস্যদের পুড়িয়ে মারার জন্য আনা বাঁশ, কাঠ, খড় জব্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশের প্রস্তুতি চলছিল। সেখানে এক হাজারের বেশি লোক ছিল। সেখানে পুলিশ গিয়ে সমাবেশ বন্ধের নির্দেশ দেয়। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা রাজি হননি। একপর্যায়ে সমাবেশে বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। তাঁদের ছোড়া ইটপাটকেলে সদর থানার পাঁচজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের ১৩ জন সদস্য আহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আত্মরক্ষার্থে একপর্যায়ে পুলিশ সদস্যরা দৌড়ে বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। হামলাকারীরা খোলা জানালা দিয়ে ইটপাটকেল ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ছয়জনকে রাত পৌনে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী খালেদা আক্তার নামের একজন বলেন, পুলিশ স্কুলের একটি কক্ষে ঢুকলে ছাত্রদলের লোকেরা পাশের বাড়ি থেকে জোর করে খড়, বাঁশ, কাঠ এনে কক্ষটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। ভয় পেয়ে পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। ঠিক তখন অতিরিক্ত পুলিশ চলে আসায় তাঁরা প্রাণে রক্ষা পান।
হামলার হাত থেকে আহত দুই পুলিশ সদস্যকে পাশের শেরপুর এলাকার ব্যবসায়ী জাহের উদ্দিনের স্ত্রী সাহেরা আক্তার নামের এক নারী রক্ষা করেন। তিনি বলেন, ‘দৌড়ে আসা আহত দুই পুলিশ সদস্যকে শোবার ঘরে রেখে দরজা আটকে দিই। এ সময় ৩০-৪০ জন হামলাকারী বাসার ভেতরে ঢুকে তাঁদের বের করে দিতে বলে। তখন আমি ও আমার বোন হাতে দা নিয়ে দরজার সামনে দাঁড়াই। হামলাকারীরা ফিরে যাওয়ার সময় আমার বাড়ি ভাঙচুর করে।’
উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে সমাবেশ চলাকালে পুলিশ এসে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পর পুলিশ গণহারে আমাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।’