কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র পলাশ মাহমুদ (১৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। পলাশের মা সেলিনা খাতুন বাদী হয়ে মঙ্গলবার রাত কুষ্টিয়া মডেল থানায় এ মামলা করেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। মামলায় ঘটনার সময় ছুরিকাঘাতে আহত আরেক তরুণ রাকিবুল ইসলামকে (২৩) প্রধান আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, খুনের ঘটনায় রাকিবুল জড়িত থাকতে পারেন বলে নিহত পলাশের পরিবার সন্দেহ করছে। এ কারণেই তাঁকে মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র পলাশ মাহমুদ শহরের পিটিআই সড়কে গত রোববার সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় শহরের চৌড়হাস এলাকার রাকিবুল ইসলামও আহত হন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান পলাশ। রাকিবুলকে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।