মামলা দায়ের, লাঠি-বাঁশি দল গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। দোকানের মালিক বাসুদেব কর্মকার বুধবার রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। এদিকে নিজেদের নিরাপত্তা বিধানে লাঠি-বাঁশি দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে মুখোশ পরা সাত ব্যক্তি আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে শহরের দ্য নিউ মেঘনা জুয়েলার্সের শোকেসের কাচ ভেঙে দেড় শ ভরি আট আনা স্বর্ণালংকার লুট করে। এর বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ২১ হাজার টাকা।
এদিকে গতকাল সকাল থেকে শহরের সব স্বর্ণের দোকান বন্ধ রেখে মালিক-কর্মচারীরা নিজ দোকানের সামনে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির ফরিদপুর শাখার উদ্যোগে নিলটুলীর নীলিমা টাওয়ারে সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ স্বর্ণ ব্যবসায়ী অরুণ দত্ত।
সমিতির সাধারণ সম্পাদক মন্টু সরকার প্রথম আলোকে বলেন, সভায় নিলটুলী স্বর্ণপট্টি এলাকায় লাঠি ও বাঁশি দল গঠন করে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আগামী সাত দিনের মধ্যে এ ডাকাতিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। এ কারণে দোকান খোলার সিদ্ধান্ত হয়েছে।
বেলা দুইটার দিকে কিছু স্বর্ণের দোকান খুলতে দেখা যায়। গত বুধবার রাত সোয়া আটটার দিকে শহরের প্রাণকেন্দ্র নিলটুলী এলাকার মুজিব সড়কের দ্য নিউ মেঘনা জুয়েলার্সে ডাকাতি হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওই দোকানে সিসি ক্যামেরা ছিল। ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।