মামলা দায়েরে বাধা, সালিসের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন পোশাক কারখানার এক নারী শ্রমিক। এ ঘটনায় সালিসে বিচারের আশ্বাস দিয়ে গ্রাম্য মাতব্বরেরা তিন দিন মামলা করতে দেননি বলে অভিযোগ উঠেছে।
ঘটনার শিকার নারী ও তাঁর ভগ্নিপতি কর্মসূত্রে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীতে।
সোনারগাঁ থানায় গতকাল রোববার বিকেলে মামলা করেন ধর্ষণের শিকার নারীর ভগ্নিপতি। এজাহারে তিনি উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের একটি গ্রামে তাঁর বোনের বাড়িতে বৃহস্পতিবার বেড়াতে আসেন। সঙ্গে নিয়ে আসেন তাঁর শ্যালিকাকে, যিনি সিদ্ধিরগঞ্জের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। শ্যালিকা বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের হলে তাঁর মুখ চেপে ধরে পাশের একটি কাঁঠালবাগানে নিয়ে যায় গ্রামের বখাটে যুবক সেলিম মিয়া ও তার তিন সহযোগী ডালিম মিয়া, আজিজুল হক ও আলম মিয়া। বিষয়টি টের পেয়ে তিনি ওই যুবকদের পিছু নেন। কিন্তু ধরা পড়ে যান। ওই যুবকেরা তাঁকে একটি কাঁঠালগাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তাঁর সামনেই শ্যালিকাকে ধর্ষণ করে। পরদিন সকালে এলাকাবাসী তাঁদের উদ্ধার করেন। শ্যালিকাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে ওই যুবকেরা গ্রামের মাতব্বর আনোয়ার হোসেন ও মঞ্জুর হোসেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মাতব্বরেরা থানায় মামলা না দিতে চাপ দেন। বিষয়টি তাঁরা সালিসের মাধ্যমে বিচারের আশ্বাস দেন।
তবে গ্রাম্য মাতব্বর আনোয়ার হোসেন ও মঞ্জুর হোসেন দাবি করেন, তাঁরা বিষয়টি অবগত হওয়ার পর থানা-পুলিশের মাধ্যমে বিচার করতে চেয়েছিলেন। কাউকে মামলা করতে বাধা দেননি।
মামলার বাদী প্রথম আলোকে বলেন, ঘটনার তিন দিন পার হলেও ওই মাতব্বরেরা বিচারের কোনো উদ্যোগ নেননি। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন তাঁর শ্যালিকা। তাঁকে সঙ্গে নিয়ে গতকাল বিকেলে তিনি সোনারগাঁ থানায় আসেন। সবকিছু শুনে পুলিশ মামলা দিতে বলে। এরপর সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি সেলিম মিয়া ও তার সহযোগী আজিজুলকে গ্রেপ্তার করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, গ্রেপ্তার দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে এবং ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হবে।