গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় মো. আল আমিন (২২) হত্যার ঘটনায় শুক্রবার রাতেই জয়দেবপুর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওলিয়াবাড়ির পেয়ারাবাগান এলাকার মো. সজিব হোসেন (২১), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ইসাইল পূর্বপাড়া এলাকার নাজমুল হোসেন (২০) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কালেরভিটা উত্তর রাজিবপুর এলাকার রাসেল মিয়া (২০)।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. আনোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুরে দেওলিয়াবাড়ি এলাকায় আল আমিনকে গলা কেটে হত্যা করা হয়। আল আমিন জামালপুরের সাধুপুর এলাকার কাশেম মোল্লার ছেলে। এ ঘটনায় গতকাল ভোরে কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে সজীব, নাজমুল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সুমন (১৯), রুবেল (২০) ও আমজাদ হোসেন (২৩) পলাতক।
এএসআই আনোয়ার বলেন, গ্রেপ্তার তিনজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা ছয়জন মিলে আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। তাঁরা আরও জানান, কয়েক দিন আগে মো. আকাশ নামের একজনকে ইয়াবা বড়িসহ আটক করে পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আকাশের মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা নেন সজীব ও সুমন। পুলিশ আকাশকে আদালতে পাঠিয়ে দেয়। এরপর আকাশের মা দুজনের কাছে টাকা ফেরত চান। পরে তাঁরা ছয় হাজার টাকা ফেরত দেন। বাকি চার হাজার টাকা আল আমিন নিয়ে গেছেন বলে তাঁরা আকাশের মাকে জানান। পরে আকাশের মা আল আমিনকে জিজ্ঞাসা করলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এ নিয়ে আল আমিনের সঙ্গে সজীব ও সুমনদের ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে মুঠোফোনে আল আমিনকে দেওলিয়াবাড়ির পেয়ারাবাগান এলাকায় ডেকে নেন সজীব ও সুমন। আল আমিন সেখানে গেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তাঁরা পালিয়ে যান।
আল আমিনের বড় ভাই মিলন মোল্লা বলেন, দেওলিয়াবাড়ি এলাকায় আবদুর রহমানের বাসা বাড়িতে ছোট বোনের সঙ্গে ভাড়া থেকে রিকশা চালাতেন আল আমিন। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
এএসআই আনোয়ার জানান, আল আমিনের ভাই বাদী হয়ে ছয়জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন। পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।