মামলা না করায় স্ত্রীকে মারধর
নওগাঁর পত্নীতলায় ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে মামলা না করায় এক গৃহবধূকে তাঁর স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার ওই গৃহবধূ তাঁর স্বামী জালালের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
আহত ওই গৃহবধূ হলেন মাহবুবা আখতার (২৩)। গুরুতর আহত অবস্থায় তিনি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাহবুবা বলেন, তিন বছর আগে পত্নীতলা উপজেলার নজিপুর কলোনিপাড়া মহল্লার জালালের (৩০) সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময়েই তাঁকে নির্যাতন করতেন তাঁর স্বামী। তিনি দাবি করেন, জালাল তাঁর ব্যবসায়িক অংশীদার ও পাওনাদারদের টাকা না দেওয়ার ফন্দি হিসেবে তাঁদের বিরুদ্ধে তাঁকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করার ষড়যন্ত্র করেন। এ কাজে রাজি না হওয়ায় তাঁকে নানাভাবে নির্যাতন করা হচ্ছিল। গত বৃহস্পতিবার রাতে জালাল বাড়ি ফিরে হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঠি ও লোহার রড দিয়ে পেটাতে শুরু করেন। রডের আঘাতে তাঁর দুই পা ও হাতের ১৪টি আঙুল থেঁতলে যায়। এরপর একটি সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ শরীরে ঢোকানোর চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। সেই থেকে জালাল পলাতক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, মাহবুবার গলা, বুক ও পিঠসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। তাঁর দুই পায়ের ১০টি ও ডান হাতের চারটি আঙুল ফেটে গেছে।