মামলা নিতে ওপরের চাপ ছিল: ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিজান আমার পূর্বপরিচিত। আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি। যাঁর সঙ্গে তাঁর মারামারি হয়েছে, তিনিও আগে থেকে চেনা। আমি চেয়েছিলাম বিষয়টি মিটমাট করে দিতে। কিন্তু ওপরের চাপ ছিল।’
প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে এ কথা বলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার। গতকাল শনিবার দুপুরে বাউফল থানায় তাঁর সঙ্গে কথা হয়।
কার চাপ ছিল, কিসের চাপ? জানতে চাইলে ওসি একটু থতমত খেয়ে বলেন, ‘না না, যে মার খেয়েছে সে তো আর আমাদের লোক না। সে হলো নৌ পুলিশের লোক। তাদের আলাদা প্রশাসন। এখানে আমাদের কিছু করার ছিল না। নৌ পুলিশ প্রশাসন চেয়েছে মামলা হোক। সে কারণে মামলা হয়েছে।’
তাহলে গ্রেপ্তারের পর চাপের কারণেই কি মিজানকে নির্যাতন করা হয়েছে? জবাবে ওসি বলেন, তাঁকে নির্যাতন করা হয়নি। তবে রাত ১০টার দিকে সার্কেল এএসপি সাহেব আলী পাঠান যখন তাঁকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন তিনি হাউমাউ করে কাঁদছিলেন। সার্কেল এএসপি কি তাঁকে মারধর করেছিলেন? ওসির জবাব, ‘কী যে বলেন, মিজান তো একজন শিক্ষক, এই অবস্থায় তিনি আবেগ ধরে রাখতে পারেননি।’
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। মিজান এখন কারাগারে আছেন।
মিজানের বিরুদ্ধে দায়ের করা মামলায় যে স্থানে মারধর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, গতকাল দুপুরে সেই কালাইয়া বাজারে গেলে ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ কোনো কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, গত শুক্রবার পুলিশের এক কর্মকর্তা কালাইয়া বাজারে গিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। এর পর থেকে লোকজন ভয়ে আছেন। কেউ এসব নিয়ে মুখ খুলতে চান না। তা ছাড়া নৌ পুলিশ ফাঁড়ির লোকজনও অনাগত লোকজনের ওপর নজর রাখছেন। তবে কয়েকজন দোকানি প্রথম আলোকে বলেন, রাস্তায় যানজটের সময় দুই ব্যক্তির ঝগড়া ও হাতাহাতি তাঁরা দেখেছেন। এরপর কালাইয়া নৌ ফাঁড়ি থেকে পুলিশ এসে দুজনকেই নিয়ে গেছে।
ঘটনাস্থলের কাছেই কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি। সেখানে গিয়ে পাওয়া যায় এএসআই শফিকুল ইসলামকে। মামলার এজাহারে তাঁর নাম উল্লেখ আছে। মামলায় বলা হয়েছে, মিজান গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে আহত হন।
সেদিনের ঘটনা জানতে চাইলে শফিকুল বলেন, মিজান ও এএসআই হালিম খানের মধ্যে মারামারি ছিল এক থেকে দেড় মিনিটের। হালিম খান তিনজন কনস্টেবল নিয়ে মাদকের অভিযানে গিয়েছিলেন। সেটা ব্যর্থ হয়। পরে ফাঁড়িতে ফিরে আসার সময় ওই ঘটনা ঘটে। এরপর খবর পেয়ে ফোর্স নিয়ে তিনি নিজে সেখানে গিয়ে তাঁদের ফাঁড়িতে নিয়ে আসেন। শফিকুল নিজে মারামারির কোনো কিছু দেখেননি। বলেন, ‘গিয়ে দেখি তাঁরা তর্ক করছেন।’
তাহলে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তি হলো কখন? জবাবে শফিকুল ইসলাম বলেন, থানায় আনার পর তিনি ধস্তাধস্তি করেছেন।
হালিম খানের সঙ্গে তিনজন কনস্টেবল ছিলেন, এরপর আপনি আরও ফোর্স নিয়ে তাঁকে আনতে যান, তাহলে এত লোকের সঙ্গে একজন মানুষের ধস্তাধস্তি কী করে হতে পারে? শফিকুলের জবাব, ‘মিজানের গায়ে অনেক শক্তি, তাঁর সুঠাম দেহ।’
এএসআই শফিকুল প্রথম আলোকে বলেন, ঘটনার পর হালিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল সকালে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি ফাঁড়িতেই আছেন।
হালিম খানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হন এবং তাঁকে ডেকে পাঠান। কিছুক্ষণ পর এক কনস্টেবল এসে বলেন, তিনি কথা বলতে চান না। এ সময় হালিম খানকে ব্যাগ নিয়ে দ্রুত ফাঁড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
তবে প্রথম আলো প্রতিনিধি ফাঁড়ি থেকে বের হয়ে আসার পরপরই হালিম খানকে আবার হাসপাতালে পাঠানো হয়। দুপরে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এএসআই শফিকুল তাঁর লোকজন নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করছেন। সন্ধ্যার দিকে খোঁজ নিয়ে জানা যায়, প্রথম আলো প্রতিনিধি ঘটনাস্থল থেকে চলে আসার পর হাসপাতালের কাগজপত্রে এএসআই হালিমকে আবার ভর্তি দেখানো হয়েছে।
জানতে চাইলে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, হালিম খান গতকাল দুপুরে মাথা ব্যথার কথা বলে আবার ভর্তি হয়েছেন।
হাসপাতালের কাগজপত্রে দেখা যায়, ১৭ মার্চ রাত ৮টা ৪০ মিনিটে হালিমকে ভর্তি দেখানো হয়েছে। সেখানে কোনো গুরুতর জখমের কথা উল্লেখ করা হয়নি। জরুরি বিভাগে ভর্তি কাগজপত্রে কপালে ফোলা এবং মাথায় ফোলা ও ছোলা দাগের কথা উল্লেখ করা হয়েছে।
বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকার পরও মামলায় কেন গুরুতর জখম উল্লেখ করেছেন, জানতে চাইলে ওসি বলেন, সাংবাদিক মিজানের হাতে আংটি ছিল। সেই আংটির কারণে জখম হয়েছে।

আরও পড়ুন