মামলা নিয়ে আতঙ্কে ডাঙ্গাপাড়া পুরুষশূন্য
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম এখন পুরুষশূন্য। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অগ্নিসংযোগ, মন্দির ও প্রতিমা ভাঙচুরের পর দায়ের করা মামলায় গ্রামবাসীর ওপর নেমে এসেছে এই দুর্ভোগ।
বাড়ির উপার্জনক্ষম পুরুষেরা মামলার ভয়ে আত্মগোপন করে থাকায় অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে গ্রামে থাকা নারী ও শিশুদের। আর নিরাপত্তাহীনতা তো আছেই। বিরোধের ঘটনায় পুলিশ মোজাহার আলী (৬৭) ও জাকির হোসেন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সরেজমিনে গত মঙ্গলবার গ্রামটিতে গেলে নারীরা অভিযোগ করেন, পাশের ঘাটপাড়া গ্রামের ডালিম কুমার রায় ও ডাঙ্গাপাড়া গ্রামের মোজাহার আলীর মধ্যে ১৩ শতক জমি নিয়ে বিরোধ ছিল। ঈদের আগের দিন ওই জমিতে ছেলেদের নিয়ে আমনের চারা রোপণ করতে যান মোজাহার আলী। এ সময় ওয়ার্ড বিএনপির সহসভাপতি ডালিম কুমার রায় ও তাঁর লোকজন মোজাহার আলীর পরিবারের ওপর ধারালো অস্ত্রসহ হামলা চালান। এতে মোজাহার আলীসহ তাঁর তিন ছেলে ও স্ত্রী আহত হন। তাঁদের গ্রামবাসী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে মোজাহারের ছেলে মেনহাজুল হকের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রামের প্রত্যক্ষদর্শী নারীরা জানান, একপর্যায়ে মেনহাজুল মারা গেছেন বলে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে। তখন হামলার ঘটনা ভিন্ন খাতে নিতে ডালিম কুমার রাতেই নিজের খড়ের গাদায় আগুন দেন। পাশের ঘাটপাড়ার হিন্দু সম্প্রদায়ের কিছু কূটকৌশলী মানুষ মন্দির ও প্রতিমা ভাঙচুর করে এই দায় চাপান ডাঙ্গাপাড়া গ্রামের মুসলমান সম্প্রদায়ের লোকজনের ওপর। ডালিম রাতেই পার্বতীপুর মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। এতে ডাঙ্গাপাড়া গ্রামের সব প্রাপ্তবয়স্ক পুরুষকেই আসামি করা হয়।
ডাঙ্গাপাড়া গ্রামের শাহানা বেগম (৩৫) বলেন, ‘আমরা গ্রামের সাধারণ মানুষ। জমি নিয়ে ঝগড়া মোজাহার ও ডালিমের পরিবারের। আমাদের তো দোষ নেই। অথচ ওই মামলায় আসামি হয়ে আমার স্বামী পলাতক রয়েছে। এনজিও থেকে ঋণ নিয়েছি। এখন কিস্তির টাকা শোধ করতে পারছি না। বিপদে আছি আমরা।’
মর্জিনা বেগম (৪৮) নামের আরেক নারী বলেন, তাঁর ছেলে রিকশাভ্যান চালান। ছেলের রোজগারে সংসার চলে তাঁর। ছেলে পলাতক থাকায় খেয়ে না-খেয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
সাবেক ইউপি সদস্য আবদুল রাজ্জাকের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ঈদের দিন কোনো মুসলমান মন্দির ভাঙতে পারেন না। এ ঘটনার গভীর তদন্ত হওয়া দরকার।
নাম প্রকাশ না করার শর্তে ঘাটপাড়ার অনেক হিন্দু পরিবারের লোকজন বলেছেন, এখানে হিন্দু-মুসলমান মিলেমিশে ছিল। অথচ ডালিমদের ষড়যন্ত্রে সেই ঐক্য আজ শত্রুতায় রূপ নিয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগ ও মন্দির ভাঙার ঘটনাকে সাজানো বলে ধারণা করা হচ্ছে। তবু ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার পরদিনই মোজাহার আলী ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর থানার এসআই এনায়েতুর রহমান ঘটনাটিকে রহস্যজনক বলে উল্লেখ করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। কাজেই নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো ঝুঁকি নেই।