মামলা নিষ্পত্তিতে মালিক প্রতিনিধিদের গরজ কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর এলাকার ইটা চা-বাগানের শ্রমিক গোলাপ চাঁদকে আট বছর আগে চাকরি থেকে বরখাস্ত করা হয়। অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগে তিনি চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতে মামলা করেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে মালিক প্রতিনিধি মামলার শুনানিতে উপস্থিত না থাকায় বিচার শেষ হচ্ছে না বলে জানান তাঁর আইনজীবী সুখময় চক্রবর্তী।
আইনজীবীরা জানান, শ্রম আদালতে চাকরিতে পুনর্বহাল, পাওনা আদায়, মালিক-শ্রমিক চুক্তির লঙ্ঘন, বেতন-ভাতার দাবি, ক্ষতিপূরণ আদায় ও ট্রেড ইউনিয়নসংক্রান্ত মামলা করা হয়।
তবে এই আদালতের আরেক আইনজীবী রাজীব দে জানান, অনেকেই চাকরি হারানোর পর মামলা করে কিছুদিন দৌড়াদৌড়ি করেন। কিন্তু নতুন চাকরিতে যোগদানের পর তাঁদের বেশির ভাগই আর মামলার খোঁজ নেন না। এ কারণেও মামলা ঝুলে থাকে।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম শ্রম আদালতে বিচারাধীন রয়েছে ১ হাজার ৩০৩টি মামলা। গত চার মাসে চট্টগ্রাম প্রথম শ্রম আদালতে নিষ্পত্তি হয়েছে ৮৫টি, দ্বিতীয় শ্রম আদালতে নিষ্পত্তি হয়েছে ৯০টি মামলা। বিচারাধীন আছে প্রথম শ্রম আদালতে ৮২০টি এবং দ্বিতীয় শ্রম আদালতে ৪৮৩টি মামলা।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতি, কর্মকর্তা-কর্মচারী সংকট, জবাব দাখিলে আইনজীবীদের বারবার সময় নেওয়া, প্রতিনিধিদের মতামত দিতে দেরি করাসহ বিভিন্ন কারণে শ্রম আদালতে ঝুলে আছে মামলার বিচার। মামলার শুনানির দিন মালিকপক্ষের একজন ও শ্রমিকপক্ষের একজন প্রতিনিধির উপস্থিত থাকা আবশ্যক।
আইনজীবীরা জানান, জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে বিচার-প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতি দুই বছর পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় একটি আদালতে ছয়জন শ্রমিক ও ছয়জন মালিক প্রতিনিধি নিয়োগ দেয়।
চট্টগ্রাম জেলা ছাড়াও চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের আওতায় রয়েছে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলা। দ্বিতীয় শ্রম আদালতের আওতায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলা।
আইনজীবী সুখময় চক্রবর্তী জানান, শ্রম আইন অনুযায়ী, মামলা দায়েরের পর বিবাদীপক্ষকে অনধিক ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে না হলে আরও ৭ দিন। ১৭ দিনের মধ্যে না হলে প্রথমে ৭ দিন পরে আরও ১০ দিনসহ মোট ৩৪ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। ৩৪ দিনের মধ্যে না হলে মামলা দায়েরের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে।
৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি না হয়ে বছরের পর বছর ঝুলে থাকার বিষয়ে সুখময় চক্রবর্তী জানান, মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে বছরের পর বছর মামলা নিষ্পত্তি হচ্ছে না। দীর্ঘ সময়েও বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েন চাকরি হারানো মানুষ।
নগরের কাতালগঞ্জ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে চলছে চট্টগ্রাম শ্রম আদালতের কার্যক্রম। ছয় মাস ধরে দুই আদালতে রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। রয়েছে কর্মচারীর সংকটও।
প্রথম শ্রম আদালত প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার কথা হয় বিচারপ্রার্থী বৃদ্ধ শফিউল আলমের সঙ্গে। তিনি জানান, চাকরির বয়স পূর্ণ হওয়ার আগেই তাঁকে ২০০৯ সালে অবসরে পাঠানো হয়। এ কারণে তিনি শ্রম আদালতে মামলা করেন। কিন্তু দীর্ঘদিন তিনি মামলার খোঁজ নেননি। এখন তাঁর মামলার কী অবস্থা তা জানতে এসেছেন।
শ্রম আদালতে উপস্থিত না থাকার বিষয়ে মালিক প্রতিনিধিদের একজন এস এম শাহ নেওয়াজ জানান, অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে আদালতে যেতে পারছেন না।
মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে মামলা নিষ্পত্তিতে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করে শ্রমিক প্রতিনিধি শফি বাঙ্গালী জানান, এখন ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য মালিক-শ্রমিক প্রতিনিধিরা আন্তরিক।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) চট্টগ্রামের কর্মকর্তা শাহেদ হোসেন জানান, চট্টগ্রাম শ্রম আদালতে ব্লাস্ট ২৫০ জন শ্রমিককে আইনি সহায়তা দিয়ে আসছে। কিন্তু মালিক-শ্রমিক প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে মামলার নিষ্পত্তিতে দেরি হচ্ছে।