লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় করা মামলা প্রত্যাহারে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলা তুলে না নিলে পরিবারকে বাড়িছাড়া করা হবে বলে মুঠোফোনে আসামিপক্ষ হুমকি দিয়েছে। মারধরের ঘটনায় আহত মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও তাঁর ছেলে সাংবাদিকদের এ হুমকির কথা জানান। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুর মোহাম্মদের চিকিৎসা চলছে।
মুক্তিযোদ্ধার ছেলে ব্যবসায়ী মাইনুল কবির গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিকেলে উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য মুঠোফোনে তাঁর বাবাকে হুমকি দেন। মামলা প্রত্যাহার না করলে তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়ানো এবং ও তাঁদের বাড়ি ছাড়া করারও হুমকি দেওয়া হয়। হুমকির কারণে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে মাইনুল কবির বলেন, ইউপি চেয়ারম্যান ও অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। আসামি হয়েও ইউপি চেয়ারম্যান তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও তাঁর ছেলের করা সব অভিযোগ মিথ্যা।
গত শনিবার সকালে নুর মোহাম্মদকে ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করা হয়। এরপর কার্যালয়ের একটি শৌচাগারে তাঁকে আটকে রাখা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও দু-তিনজনকে আসামি করে উপজেলার চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন মুক্তিযোদ্ধা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আসামিদের পেলেই পুলিশ গ্রেপ্তার করবে। বাদীকে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।