মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ সেপ্টেম্বর নুরুলের ছেলে মোজাম্মেল মাদবর এই মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার হাজি সদন আলী মাদবরকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরের সঙ্গে পশ্চিম নাওডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জলিল গোমস্তা ও স্থানীয় দাউদ খানের বিরোধ চলছিল। এর জের ধরে ৩০ সেপ্টেম্বর দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মোজাম্মেল মাদবর ১৮ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। এখন মামলাটি প্রত্যাহারের জন্য আসামিরা বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন। মামলার এজাহারভুক্ত আসামি জলিল গোমস্তা ও তাঁর ভাই আলাউদ্দিন গোমস্তাকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য মোজাম্মেলকে টাকা দেওয়ারও প্রলোভন দেখানো হচ্ছে।
এদিকে বাদী ও তাঁর পরিবারকে হয়রানির জন্য হত্যা মামলার অন্যতম আসামি চুন্নু মাদবরের ছেলের বউ বেবি আক্তার ১৯ অক্টোবর একটি মামলা করেন। মামলায় নুরুল ইসলাম মাদবরের চার ছেলে, দুই ভাইসহ ১১ জনকে আসামি করা হয়। বেবি আক্তার মামলায় অভিযোগ করেন, ৩০ সেপ্টেম্বর তাঁর শ্বশুর চুন্নু মাদবরকে কুপিয়ে আহত করা হয় এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
মামলার বিষয়ে বেবি আক্তারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, বাদীকে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বেবি আক্তারের মামলার বিষয়টি পুলিশ তদন্ত করছে। হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।